সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i27232-সন্ত্রাসী_কর্মকাণ্ডে_বাংলাদেশের_ভূখণ্ড_ব্যবহার_করতে_দেয়া_হবে_না_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো দেশের বিরুদ্ধেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না। আজ (বৃহস্পতিবার) বিকেলে গণভবনে সফররত ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকর সৌজন্য সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৬ ২০:৩০ Asia/Dhaka
  • মনোহর পারিকর- শেখ হাসিনা
    মনোহর পারিকর- শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো দেশের বিরুদ্ধেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না। আজ (বৃহস্পতিবার) বিকেলে গণভবনে সফররত ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকর সৌজন্য সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘আমরা কোনো প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদ বরদাস্ত করব না এবং কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় আমাদের দেশের ভূখণ্ডকে ব্যবহার করতে দেব না।’

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্র বাহিনীর গৌরবজ্জ্বল অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাঁর আসন্ন ভারত সফরকালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতের সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি সম্মাননা জানানোরও আগ্রহ প্রকাশ করেন।

এর জবাবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিবেশী বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব ছিল এবং আমরা সেই সহযোগিতাটাই করেছি।

সম্প্রতি বাংলাদেশি জেলেদের উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করায় প্রধানমন্ত্রী ভারতীয় কোস্টগার্ডকেও ধন্যবাদ জানান। এ সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের কোস্টগার্ডের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিশেষকরে নারীর ক্ষমতায়নের ভূঁয়সী প্রশংসা করে পারিকর বলেন, ‘বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে নারীর ক্ষমতায়নে প্রভূত উন্নতি করেছে, যা ভারত এখনও করতে পারেনি।’

এদিকে, শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সামর্থ্য ও সক্ষমতা বাড়াতে নতুন পদক্ষেপ নেয়ার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর।

ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে মনোহর পারিকরের ব্যাপকভিত্তিক আলোচনায় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃপ্রতিম বন্ধন আরও জোরদার হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামর্থ্য ও সক্ষমতা বাড়াতে নতুন কিছু উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত স্বয়ম্ভরতা অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প (ভিশন) বাস্তবায়নে ভারতের পূর্ণ সমর্থনের কথা জানান। এসব আলোচনায় প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানো, যৌথ মহড়া পরিচালনা, এইচএডিআর (মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা) কর্মসূচি বাড়ানোর অনুষ্ঠান ও সামুদ্রিক অর্থনীতিতে সহযোগিতার প্রসঙ্গ উঠে আসে।

বৈঠকের শেষ অংশে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের মুক্তির সংগ্রামে অংশ নেয়া ভারতীয় হেলিকপ্টারের একটি রেপ্লিকা এবং যুদ্ধকালীন ছত্রীসেনাদের অপারেশন পরিচালনার আলোকচিত্র প্রধানমন্ত্রীকে উপহার দেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, সশস্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এআর/১