হাঙ্গেরি সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন কাল
হাঙ্গেরি সফর নিয়ে আগামীকাল (শনিবার) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এ সফরে গত সোমবার দুই দিনব্যাপী বুদাপেস্ট পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এছাড়া হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে পানি বিষয়ক উচ্চপর্যায়ের প্যানেল বৈঠকে যোগ দেন এবং প্রেসিডেন্টের আমন্ত্রণে ভোজসভায় অংশ নেন। সেইসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও হাঙ্গেরি ৪টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
বিশ্ব পানি সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে গত ২৭ নভেম্বর বুদাপেস্ট যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যাত্রাপথে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণে ওইদিন প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা পর বুদাপেস্টে গিয়ে পৌঁছেন। যান্ত্রিক ত্রুটি সারাতে তুর্কেমেনিস্তানে জরুরি অবতরণ করে বিমানটি। চারদিনের সফর শেষে ৩০ নভেম্বর রাতে ঢাকা পৌঁছেন প্রধানমন্ত্রী। এটি ছিল বাংলাদেশি কোনো নেতার পূর্ব ইউরোপীয় দেশটিতে উচ্চপর্যায়ের সফর।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২