নিউজিল্যান্ড সফর: ওয়ানডে’র পর টি-টোয়েন্টি সিরিজও খোয়ালো বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i30220-নিউজিল্যান্ড_সফর_ওয়ানডে’র_পর_টি_টোয়েন্টি_সিরিজও_খোয়ালো_বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হেরে গেছে বাংলাদেশ। এর ফলে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খোয়ালো বাংলাদেশ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৭ ০৮:৩১ Asia/Dhaka
  • ম্যান অব দ্য ম্যাচ কলিন মানরো
    ম্যান অব দ্য ম্যাচ কলিন মানরো

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হেরে গেছে বাংলাদেশ। এর ফলে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খোয়ালো বাংলাদেশ।

আজ (শুক্রবার) মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে টস জিতে উইলিয়ামসনদের ব্যাটিংয়ে পাঠান মাশরাফি। মানরো-ব্রুসের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে সাত উইকেটে ১৯৫ রান তোলে কিউইরা। জবাবে ১৪৮ রানে থামে টাইগারদের ইনিংস।

ব্যাট হাতে ঝড় তোলা মানরো (১০১) ৫২ বলে সমান ৭টি চার ও ৭টি ছক্কায় শতক পূর্ণ করেন। ১৭তম ওভারে তাকে নুরুল হাসানের গ্লাভসবন্দি করে স্বস্তি এনে দেন রুবেল হোসেন। মানরোর পাশাপাশি ব্যাট হাতে আলো ছড়ান আগের ম্যাচে অভিষিক্ত টম ব্রুস। ৩৯ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটসম্যান। দলীয় ৪৬ রানে তিন উইকেট হারানোর পর এ দু’জনের ১২৩ রানের জুটিতে বড় স্কোরের ভিত পায় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে ৩৭ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন রুবেল হোসেন। একটি করে নেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন। উইকেটশূন্য থাকেন মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের দেয়া ১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। ৪০ রানেই বিদায় নেন টপঅর্ডারের তিন ব্যাটসম্যান। মিচেল স্যান্টনারের প্রথম ওভারে আউট হন ইমরুল কায়েস। স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে টম ব্রুসকে ক্যাচ দেন ইমরুল। গত ম্যাচের মতো আজও রানের খাতা খুলতে পারেননি টাইগার ওপেনার। এরপর সাব্বিরকে নিয়ে জুটি বাঁধেন তামিম। দলীয় ৩৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। রানআউট হন তামিম ইকবাল। গ্র্যান্ডহোমের বলে রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন টাইগার ওপেনার। এরপর বেন হুইলারের দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট হন সাকিব আল হাসান। মাত্র ১ রান করে ফিরে যান সাকিব।

টানা উইকেট হারিয়ে টাইগার সমর্থকরা যখন হতাশ, ঠিক সে সময় জয়ের আশা জাগিয়ে তোলেন সাব্বির রহমান ও সৌম্য সরকার। রানখরায় ভোগা সৌম্য করেন ৩৯ রান। সাব্বিরের সঙ্গে তাঁর ৬৮ রানের জুটিতে ম্যাচে ফিরেছিল টাইগাররা। তবে দলীয় ১০৪ রানে সৌম্য ও খানিক বাদে সাব্বির আউট হওয়ায় বাংলাদেশ আবার চাপে পড়ে যায়। ৩২ বলে ৪৮ রান করেন সাব্বির। ১১৭ রানে সাব্বিরের আউটের পরই পথ হারাতে শুরু করে বাংলাদেশ।

শেষ ৮ ওভারে ৮০ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু ৪৪ রানে শেষ ৭ উইকেট হারানো বাংলাদেশ গুটিয়ে যায় ১৯তম ওভারে। রুবেল হোসেনকে ফিরিয়ে ১৪৮ রানে বাংলাদেশকে থামিয়ে দেন বেন হুইলার। অতিথিরা শেষ ৪ উইকেট হারায় মাত্র ৪ রানে। 

৩৬ রানে ৩ উইকেট নেন লেগ স্পিনার ইশ সোধি। কেন উইলিয়ামসন ও বেন হুইলার নেন দুটি করে উইকেট।

৫২ বলে সেঞ্চুরি করায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান নিউজিল্যান্ডের কলিন মানরো। #

পার্সটুডে/এআর/৬