বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, সমাবেশে বাধার প্রতিবাদে কাল বিক্ষোভ
-
বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ (ফাইল ফটো)
বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূতি উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) সারাদেশে অনুষ্ঠিত বিএনপির কালোপতাকা মিছিলে বাধা প্রদান এবং আজ (শনিবার) রাজধানীতে পূর্বঘোষিত সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে আগামীকাল (রোববার) সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
আজ (শনিবার) সকাল ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, '৫ জানুয়ারি 'গণতন্ত্র হত্যা দিবস' উপলক্ষে আজকের সমাবেশ কর্মসূচি ঠেকাতে ক্ষমতাসীনদের বর্বর পদক্ষেপের প্রতিবাদে আগামীকাল (রোববার) সারাদেশে জেলা সদর ও মহানগরে এবং ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।'
সারা দেশের জেলাশহরগুলোর পাশাপাশি মহানগর এবং রাজধানীর থানায় থানায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি।
রিজভী অভিযোগ করেন, 'বিএনপির সমাবেশ ঠেকাতে সরকারের পেটোয়া বাহিনী কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে।'
এ সময় তিনি জানান, কার্যালয় এলাকা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন, পল্টন থানা যুবদল নেতা নিজাম, ইউনুস ও শহীদ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রিজভী আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ
আজ সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ জলকামান, আর্মাড কার, প্রিজন ভ্যানসহ অবস্থান নিয়েছে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
কার্যালয়ের বাইরে বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। ভেতরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতা-কর্মী রয়েছেন।
পুলিশ মোতায়েনের কারণ জানতে চাইলে রমনা থানার পরিদর্শক কাজী শাহীদুজ্জামান বলেন, ‘এখানে বিএনপির একটি কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের কাছে তথ্য আছে, বিএনপির দুই গ্রুপে গোলমাল হতে পারে। জনস্বার্থ রক্ষায় আমরা এখানে এসেছি।’
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি ও এর শরিকেরা। এরপর থেকে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করছে বিএনপি। এ বছর দিনটিতে সারাদেশে কালো পতাকা মিছিল করলেও ঢাকায় ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি না পেয়ে দলটি নয়াপল্টনে কর্মসূচি করতে চেয়েছে। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের কোনো সিদ্ধান্ত বা ভাষ্য পাওয়া যায়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বিকেলে ভাসানী মিলনায়তনে দলের এক যৌথসভায় নয়াপল্টনে হলেও সমাবেশ করার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।#
পার্সটুডে/এআর/৭