নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশের রানের পাহাড়, ইতিহাসের পাতায় সাকিব-মুশফিক
https://parstoday.ir/bn/news/bangladesh-i30832-নিউজিল্যান্ডের_সামনে_বাংলাদেশের_রানের_পাহাড়_ইতিহাসের_পাতায়_সাকিব_মুশফিক
ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের রেকর্ড জুটিতে বিশাল সংগ্রহ গড়ছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে দলীয় স্কোর দাঁড়িয়েছে সাত উইকেটে ৫৪২ রান। ১০ রানে ব্যাট করছেন সাব্বির রহমান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ১৩, ২০১৭ ০৯:২৪ Asia/Dhaka
  • ডাবল সেঞ্চুরি উদযাপন করছেন সাকিব, অভিনন্দন জানাচ্ছেন মুশফিক
    ডাবল সেঞ্চুরি উদযাপন করছেন সাকিব, অভিনন্দন জানাচ্ছেন মুশফিক

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের রেকর্ড জুটিতে বিশাল সংগ্রহ গড়ছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে দলীয় স্কোর দাঁড়িয়েছে সাত উইকেটে ৫৪২ রান। ১০ রানে ব্যাট করছেন সাব্বির রহমান।

দ্বিতীয় দিনের শেষ সেশনে তিন উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২১৭ রানের দারুণ ইনিংস খেলে ফেরেন সাকিব আল হাসান। অধিনায়ক মুশফিকুর রহিম বিদায় নেন ১৫৯ রান করে। দিনের শেষ বলে আউট হন তরুণ মেহেদী হাসান মিরাজ। দিনের প্রথম সেশনে ১১৫ ও দ্বিতীয় সেশনে ১২২ রান যোগ করে বাংলাদেশ।

সাকিবের ডাবল সেঞ্চুরি

ওয়েলিংটন টেস্টে আজ ৫ রান নিয়ে ব্যাট করতে নামা সাকিব আল হাসান সারা দিনে দুর্দান্ত ব্যাটিং করে টেস্টে তাঁর প্রথম ডাবল সেঞ্চুরিটি তুলে নিয়েছেন। ২৭৬ বলে ২১৭ রান করতে ৩১টি চার হাঁকান সাকিব। এই ইনিংসেই টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের করে নেন তিনি।  এর আগে ২০১৩ সালে মুশফিকুর রহিম ও ২০১৫ সালে তামিম ইকবাল টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ২০১৫ সালে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে করা তামিমের ২০৬ রানই ছিল টেস্টে কোনো বাংলাদেশির করা সর্বোচ্চ ইনিংস। আজ ড্রেসিং রুমের সিঁড়িতে বসে তামিম দেখলেন তার রেকর্ড ভেঙে সাকিবের ইতিহাস গড়ার মুহূর্তটি। এসময় দাঁড়িয়ে হাততালি দিয়ে সতীর্থকে অভিনন্দন জানান তামিম।

ডাবল সেঞ্চুরি উদযাপন করছেন সাকিব আল হাসান

৪৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সাকিব-মুশফিক

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ৩৫৯ ‍রানের জুটি কয়েকটি রেকর্ডের জন্ম দিয়েছে। তারা ছাড়িয়ে গেছেন পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালের এপ্রিলে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ৩১২ রানের কীর্তিকে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে যেকোনো জুটিতে সর্বোচ্চ রান এখন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের।  আগের রেকর্ডটি ছিল জুনাইদ সিদ্দিক ও তামিম ইকবালের (১৬১)।

৩৫৯ রানের জুটিতে তারা পেছনে ফেলেন মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালামকে। নিউ জিল্যান্ডের দুই ব্যাটসম্যান ২০১০ সালে হ্যামিল্টনে ষষ্ঠ উইকেটে গড়েছিলেন ৩৩৯ রানের জুটি।

শুধু তা-ই নয়, নিউজিল্যান্ডের মাঠে এটি সফরকারী দলগুলোর যেকোনো উইকেট জুটিতে নতুন রেকর্ড। ভাঙলেন ৪৪ বছর পুরোনো জুটির রেকর্ড।

১৫৯ রানে দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিক

১৯৭৩ সালে ডানেডিন টেস্টে চতুর্থ উইকেটে ৩৫০ রান যোগ করেছিলেন পাকিস্তানের আসিফ ইকবাল ও মুশতাক মোহাম্মদ। সেটিই ছিল নিউজিল্যান্ডে ভিনদেশি দলগুলোর সর্বোচ্চ জুটি। সাকিব-মুশির এই জুটির ওপরে যেকোনো দল মিলিয়েই আছে মাত্র দুটি জুটি। ১৯৯১ সালে এই ওয়েলিংটনে তৃতীয় উইকেটে ৪৬৭ যোগ করেছিল ক্রো-জোন্সের জুটি। সেটি এখনো নিউজিল্যান্ডে সর্বোচ্চ জুটির রেকর্ড হয়ে আছে।

সব দেশ মিলিয়ে প্রতিপক্ষে মাটিতে পঞ্চম উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড। ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গ টেস্টে স্টিভ ওয়াহ আর গ্রেগ বিলওয়েট পঞ্চম উইকেটে ৩৮৫ রান এনে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। এরপর প্রতিপক্ষের মাঠে সাকিব-মুশফিকের জুটিটাই পঞ্চম উইকেটের রেকর্ড।

যেকোনো উইকেটে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি রান তোলায় টেস্ট ইতিহাসে সাকিব-মুশির এই জুটি থাকল ১৪ নম্বরে। যে তালিকায় সবার ওপরে আছে ১৯৩৪ সালে ওভালে অস্ট্রেলিয়ার হয়ে বর্যান্ডম্যান-পন্সফোর্ডের ৪৫১ রানের জুটিটি।#

পার্সটুডে/এআর/১৩