আন্দোলন বেগবান করার তাগিদ নজরুলের, নিরপেক্ষ ইসি গঠন নিয়ে রিজভীর শঙ্কা
https://parstoday.ir/bn/news/bangladesh-i31054-আন্দোলন_বেগবান_করার_তাগিদ_নজরুলের_নিরপেক্ষ_ইসি_গঠন_নিয়ে_রিজভীর_শঙ্কা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনকে আরও বেগবান করার তাগিদ দিয়েছেন। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৭ ১৭:১৬ Asia/Dhaka
  • নজরুল ইসলাম খান - রুহুল কবির রিজভী
    নজরুল ইসলাম খান - রুহুল কবির রিজভী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনকে আরও বেগবান করার তাগিদ দিয়েছেন। 

আজ (রোববার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাবেক নেতা আর এ গণির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে নজরুল ইসলাম খান বলেন,  'আর এ গণি গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেলে তার আত্মা শান্তি পাবে।'

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সঙ্গে আলোচনা নিয়ে নেতিবাচক মন্তব্য করায় স্বাধীন ও নিরপেক্ষ ইসি গঠন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে দলটি।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে জনগণের যে দাবি, প্রধানমন্ত্রীর বক্তব্য এর বিপরীত বলেও মন্তব্য দলটির।

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির সঙ্গে কোনো আলোচনা নয়, সবকিছুই এখন যেভাবে আছে সেভাবে হবে। তার মানে বিএনপি আগে থেকেই যে আশঙ্কা করছে, তারা (আওয়ামী লীগ) তাদের একতরফা নির্বাচনের যে অভিপ্রায় অর্থাৎ ৫ জানুয়ারি মতো নির্বাচন, সে ধরনের নির্বাচন করবে।’

রিজভী বলেন, বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল একাধিক বার রাষ্ট্র পরিচালনা করেছে। তার কাছে গ্রহণযোগ্য না হলে শুধু আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য এমন নির্বাচন কমিশন হলে সেটা হবে একতরফা। ওই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণ করবে না। আর তার অধীনে নির্বাচন হলে তা হবে প্রতারণামূলক নির্বাচন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫