নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ
-
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরি করেন
ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের কাছে হেরেই গেল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করে এর আগে হারেনি কোনো দল। এর আগে পাঁচ দিনের টেস্টে সবচেয়ে বড় প্রথম ইনিংসে হারের রেকর্ডটি ছিল পাকিস্তানের। মেলবোর্নে ৫৭৪ রান করে ইনিংস ঘোষণা করে ওই ম্যাচে পাকিস্তান হেরেছিল ৯২ রানে।
২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে কেন উইলিয়ামসনের সেঞ্চুরি আর রস টেলরের হাফ সেঞ্চুরিতে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এই হারে সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ। ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করেন কিউই ওপেনাররা। তবে নবম ওভারে ব্ল্যাক ক্যাপদের উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। রাভালের ক্যাচটাও লুফে নেন মিরাজ। কিউইদের রান তখন ৩২। এর পরের ওভারেই টম ল্যাথামকে ফিরিয়ে দেন মিরাজ। এর পর অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে জুটি বাঁধেন অভিজ্ঞ রস টেলর। ১৬৩ রানের জুটি গড়ে দলকে একেবারে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়ে আউট হন টেলর। শুভাশীষের বলে মিরাজকে ক্যাচ দিয়ে শেষ হয় টেলরের ৭৭ বলে ৬০ রানের ইনিংস। হেনরি নিকোলসকে নিয়ে বাকি পথটুকু নির্বিঘ্নেই পার করেন উইলিয়ামসন। ১০৪ রানে অপরাজিত ছিলেন কিউই দলনেতা।
এর আগে সোমবার সকালে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান সাকিব আল হাসান। আগের ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান এই ইনিংসে রানের খাতাও খুলতে পারেননি। অল্প কিছুক্ষণ পর ফিরে যান আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মুমিনুলও। ২৩ রান নিয়ে তিনি যখন উইকেটে কিছুটা থিতু হয়েছেন, তখনই আঘাতটা হানেন ওয়াগনার। দলীয় ৯৬ রানের তিনিও ফিরে গেলেন সাজঘরে।
এর পর দলীয় ১১৪ রানের মাথায় টিম সাউদির এক বাউন্সারে মুশফিকের মাথায় আঘাত হানে বল। হেলমেটে লাগে সেই বাউন্সার, আঘাত পেয়ে উইকেটেই শুয়ে পড়েন বাংলাদেশ অধিনায়ক। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণের পর মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। ফিরে যাওয়ার আগে তিনি করেছিলেন ১৩ রান ৫৩ বল খরচায়।
৫০তম ওভারের পঞ্চম বলে আউট হয়ে যান তাসকিন আহমেদও। বোল্টের এক ইয়র্কারে সরাসরি বোল্ড হন তরুণ পেসার। ফিরে যাওয়ার আগে তিনি করেন ২৩ বলে ৫ রান। একটি চারের মার ছিল তাঁর এই ইনিংসে।
দলের ব্যাটিং বিপর্যয় ঠেকাতে ঊরুতে চোটে আক্রান্ত ইমরুল ব্যাট করতে নামেন। ইমরুলের সঙ্গে সাব্বির লড়ে যাচ্ছিলেন। কিন্তু হাফ সেঞ্চুরি (৫০) পূর্ণ করেই সাব্বিরও ফিরে যান। এর পর প্যাভিলিয়নে ফিরে যান কামরুল ইসলাম রাব্বি ও শুভাশীষ রায়ও। তবে ইমরুল ৩৬ রানে অপরাজিত থাকেন। ৫৭.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৬০ রানে। দুই ইনিংস মিলিয়ে সিরিজের প্রথম টেস্টে প্রতিপক্ষের সামনে ২১৭ রানের মামুলি লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ।
দুই ইনিংসে ১৯৩ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার টম ল্যাথাম।#
পার্সটুডে/এআর/১৬