বঙ্গভবন ব্যর্থ হলে রাজপথে নামবে বিএনপি: দুদু
-
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনে বঙ্গভবন ব্যর্থ হলে বিএনপি আবার রাজপথে নামবে বলে হুমকি দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ (সোমবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে এক মানববন্ধনে শামসুজ্জামান দুদু বলেন, "আমরা রাজপথের মানুষ। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সাথে আলোচনা জন্য বঙ্গভবনে গিয়েছিলাম। কিন্তু বঙ্গভবন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে আমরা আবার রাজপথে নামব।"
'জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন' নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
বিএনপির এই নেতা বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের বিকল্প নেই। আমরা আশা করি, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে সহায়তা করবেন।
গণতন্ত্র হত্যার বিচার হবে গণআদালতে- এমন মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের বিচার হবে গণআদালতে। আর এটি হবে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বিএনপির সহ-সাগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও সংঠনটির ঢাকা (উত্তর) মহানগর সভাপতি মোস্তফা গাজী প্রমুখ।
ওদিকে, গতকাল (রোববার) ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বিএনএ’র দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন একটি সংগঠের নাম ঘোষণা করা হয়েছে। এসময় চলচ্চিত্র জগতের খলঅভিনেতা আহমেদ শরীফকে তৃণমূল বিএনপি’র মহাসচিব হিসেবে পরিচিত করিয়ে দেন নাজমুল হুদা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬