এই সার্চ কমিটি দিয়ে সরকার অনুগত ও মেরুদণ্ডহীন ইসি আসবে: বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i31879-এই_সার্চ_কমিটি_দিয়ে_সরকার_অনুগত_ও_মেরুদণ্ডহীন_ইসি_আসবে_বিএনপি
বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সম্প্রতি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের যে সার্চ কমিটি গঠন করেছেন তাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবকে অগ্রাহ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, এই কমিটি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠন আশা করা যায় না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৭ ০৯:৪৮ Asia/Dhaka
  • এই সার্চ কমিটি দিয়ে সরকার অনুগত ও মেরুদণ্ডহীন ইসি আসবে: বিএনপি

বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সম্প্রতি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের যে সার্চ কমিটি গঠন করেছেন তাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবকে অগ্রাহ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, এই কমিটি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠন আশা করা যায় না।

একটি নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটি নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আজ (শুক্রবার) বেলা পৌনে ১১টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম দাবি ছিল সরকারের লাভজনক পদে থাকা কোনো ব্যক্তি সার্চ কমিটির প্রধান বা সদস্য হতে পারবেন না। কিন্তু যাকে প্রধান করা হয়েছে তিনি একজন বিচারপতি এবং অন্য সদস্যরাও লাভজনক পদে আসীন।

সার্চ কমিটির প্রধান হিসাবে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তিনি ২০১২ সালের গঠিত সার্চ কমিটিরও প্রধান ছিলেন। যে সার্চ কমিটির সদস্য বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে খুঁজে বের করেছিল, সেই ব্যক্তিকেই আবার নতুন সার্চ কমিটির প্রধান করা হয়েছে। এ থেকেই বোঝা যায়, সামনে গ্রহণযোগ্য কিছু মিলবে না।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করার জন্য গঠিত সার্চ কমিটি নির্দলীয় নিরপেক্ষ এবং কোনোভাবেই বিতর্কিত নন এমন ব্যক্তিদের দ্বারা গঠিত হবে, এ স্বাভাবিক ও ন্যায্য প্রত্যাশা করেছিল। ঘোষিত সার্চ কমিটি জনগণের সে প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর দাবির কোনো প্রতিফলন নেই। যাদের দিয়ে সার্চ কমিটি গঠন হয়েছে, তাদের মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ, সৎ ও সাহসী ব্যক্তিগণ আগামী প্রধান নির্বাচন কমিশনার কিংবা সদস্য হবেন এমনটা আশা করা বাতুলতা। ক্ষমতাসীনদের অনুগত ব্যক্তিকে সার্চ কমিটির প্রধান করায় তার মাধ্যমে পূর্বের 'রকিবউদ্দিন' কমিশনের মতোই সরকার অনুগত ও মেরুদণ্ডহীন কমিশন আসবে বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাব মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতারা বিভিন্ন কথা বলে জাতিকে বিভ্রান্ত করতে চায়। এই সার্চ কমিটি গঠন শুধু বিতর্কেরই জন্ম দেয়নি, আওয়ামী লীগ যে ক্ষমতা টিকেয়ে রাখতে চায়, তারই প্রতিফলন হয়েছে।

আপনারা সার্চ কমিটি প্রত্যাখ্যান করবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, `আমাদের বক্তব্যে আমরা পরিষ্কার করে বলেছি, এটা প্রত্যাখ্যান করা বা না করার কোনো বিষয় নেই। নির্বাচন কমিশন গঠন করার পরে প্রত্যাখ্যান করা বা না করার বিষয় আসতে পারে। যে মতামত বা প্রতিক্রিয়া সার্চ কমিটির বিষয়ে সেটি আমরা জানিয়ে দিলাম।`

আগামী নির্বাচনে জয় নিশ্চিতে ক্ষমতাসীন দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে- এমন অভিযোগ তুলে ফখরুল দেশবাসীকে ষড়যন্ত্র রুখে দাঁড়াবার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, সহ-সাংঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এআর/২৭