প্রথমবারের মতো ভারতে টেস্ট খেলতে গেল বাংলাদেশ ক্রিকেট দল
-
মুশফিকুর রহিম ও বিরাট কোহলি
প্রথমবারের মতো ভারতের মাটিতে দ্বিপক্ষীয় টেস্ট খেলতে ঢাকা ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। আজ (বৃহস্পতিবার) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন মুশফিকরা। আগামী ৯ ফেব্রুয়ারি হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচ-ই ভারতের মাটিতে অভিষেক হবে মুশফিকদের।
২০০০ সালে ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে বাংলাদেশের অভিষেক ঘটে। এর প্রায় ১৭ বছর পর প্রথমবারের মতো দেশটির মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে লাল সবুজ শিবির। তাই ঐতিহাসিক এই টেস্ট খেলতে মুখিয়ে আছে টাইগাররা।
বুধবার মুশফিককে অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দল থেকে চোটের কারণে ছিটকে গেছেন কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান।
সফরসূচি অনুযায়ী, হায়দারাবাদে পৌঁছে প্রথম দুই দিন বিশ্রাম নেবে টাইগাররা। যদিও এ সময়ে ঐচ্ছিক অনুশীলন রয়েছে মুশফিক-তামিমদের। এরপর ৫ ফেব্রুয়ারি সেচুন্দেরাবাদের জিমখানা গ্রাউন্ডে ভারত এ দলের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এরপর ৭ ও ৮ ফেব্রুয়ারি ম্যাচ ভেন্যু রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। এরপর ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি হবে ভারতের বিপক্ষে ওই ঐতিহাসিক টেস্ট ম্যাচ। ম্যাচ শেষে ১৪ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে মুশফিকদের।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়। গত আগস্টে কলকাতায় এ ম্যাচ হওয়ার কথা থাকলেও নানা কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে হায়দারাবাদে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় বিসিসিআই। তবে এ নিয়ে চলছিল নানা গুঞ্জন। তবে সব শঙ্কা আর গুঞ্জনের অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২