সার্চ কমিটি নিরপেক্ষ ইসি গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্টকে হেয় করা হবে: দুদু
-
বক্তৃতা করছেন শামসুজ্জামান দুদু (ফাইল ফটো)
সার্চ কমিটি নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট আবদুল হামিদকে হেয় করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, "ইসি পুনর্গঠনে প্রেসিডেন্টের উদ্যোগের প্রতি বিএনপির সমর্থন আছে। দলের প্রত্যাশা, আগামী নির্বাচন নিরপেক্ষ করতে সৎ ও সাহসী ব্যক্তিদের নিয়ে ইসি গঠনে সার্চ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিটি ব্যর্থ হলে পরোক্ষভাবে প্রেসিডেন্টকে হেয় করা হবে।"
আজ (শুক্রবার) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দুদু এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।
আলাপ-আলোচনার মাধ্যমে বিএনপি চলমান সংকটের সমাধান চায় উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমাধান না আসলে রাজপথে আন্দোলনের জন্য বিএনপির নেতা-কর্মীরা প্রস্তুত আছে।
এদিকে, রাষ্ট্রের দায়িত্বে অনৈতিক সরকার থাকলে দেশজুড়ে অনৈতিকতা ছড়াবেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে হেটে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ওয়াসার পানিতে যদি কেরোসিন ঢেলে দেয়া হয়, তবে সেটা সবার ঘরে-ঘরে ছড়িয়ে যাবে। তেমনি একটি দেশের দায়িত্বে যদি অনৈতিক সরকার থাকে, তাহলে সারাদেশে অনৈতিকতা বিস্তার লাভ করবেই।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মলেন এসব কথা বলেন রিজভী।
সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের নাজেহালের চেষ্টা করে যাচ্ছে সরকার। যারা এ নাজেহালের সঙ্গে সংশ্লিষ্ট থাকছেন তাদের উপলদ্ধি করা উচিত, এ সরকারই শেষ সরকার নয়।
রিজভী আরও বলেন, নাজেহাল করতেই বিএনপি চেয়ারপারসনকে প্রতি সপ্তাহে একবার অথবা দুই বার আদালতে উপস্থিত থাকতে বাধ্য করা হচ্ছে। এটা সরকার প্রধানের প্রতিহিংসার বর্ধিত প্রকাশ। পৃথিবীর কোনো দেশে এমন নজির নেই।
এ বিএনপি নেতা বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সরকার শুরু থেকে জিয়া পরিবারকে টার্গেট করেছে। জিয়াউর রহমানের বাড়ি কেড়ে নেয়া থেকে শুরু করে একের পর এক তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিপর্যস্ত করার জন্য এমন কোন প্রচেষ্টা নেই যা সরকার করছে না। আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার নামে জিয়া পরিবারের বিরুদ্ধে অমানবিক আক্রমণ চালাচ্ছে।
সংবাদ সম্মলেন উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহদফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩