সার্চ কমিটি নিয়ে সন্তুষ্ট নই, একটি কারণে নাম দিয়েছি: মির্জা ফখরুল
-
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "সার্চ কমিটি নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। সার্চ কমিটিতে সরকারের সঙ্গে সরাসরি সম্পর্ক, সরকারি সুবিধাপ্রাপ্ত, সরকারি কাজে নিয়োজিত এমন লোকও রয়েছে। যারা নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারে না। তারপরও আমরা মেনে নিয়েছি। নাম চাওয়া হয়েছিল, সার্চ কমিটির কাছে নাম দিয়েছি। একটি মাত্র কারণে। আমরা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে কোনো রকম সংঘাত, অস্থিতিশীল, অনিশ্চয়তা ছাড়া সুসংগত অবস্থায় দেখতে চাই।"
আজ (শনিবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সহায়ক সরকারের দাবিতে সভার আয়োজন করে ঢাকা মহানগর জাগপা।
প্রেসিডেন্টকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জন্য ডেকেছিলেন। কিন্তু অন্যান্য নিবন্ধিত রাজনৈতিকদলগুলোকে ডাকা উচিত ছিল এবং তাদেরকে না ডেকে তিনি গণতন্ত্রের সে বিষয়কে অবজ্ঞা করেছেন।
মির্জা ফখরুল বলেন, জনগণ এটা বলতে শুরু করেছে, যা ঠিক করে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই হবে। আমরাও সেটাই দেখতে চাই। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছেন কি না?
মির্জা ফখরুল বলেন, কী আর বলব! এখন তো সরকার আওয়ামী লীগ চালাচ্ছে না। সরকার চালাচ্ছে এখন পোশাকধারী লোকেরা, তারা আজকে সব কিছু নিয়ন্ত্রণ করছে। যার ফলে রাজনৈতিক কোনো চিন্তাভাবনা আসছে না।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া, রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে, প্রতিপক্ষকে ঘায়েল করতে অন্যায় ও মিথ্যা মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। তারা গ্রাম্য মোড়লের মত আচরণ করছে।
এদিকে, সরকারের নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মন্তব্য করেছেন, সার্চ কমিটি সম্পর্কে জনগণ বিভ্রান্ত নয় ববং বিএনপি বিভ্রান্ত ।
শুক্রবার সকালে মাদারীপুরে ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নৌপরিবহনমন্ত্রী আরো বলেন, সার্চ কমিটির বিষয়টিতে পুরোটাই জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। কিন্তু বিএনপির প্রত্যাশা পূরণ করতে পারেনি। এতে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ। জনগণ চায় গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি যে নাম দেবে, সেটা থেকে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন।
আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে হবে উল্লেখ করে নৌপরিবহনমন্ত্রী আরো বলেন, সার্চ কমিটি নিয়ে বিএনপি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য অপপ্রচার চালাচ্ছে, তাতে তারাই ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির উচিত রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবে সেটা মেনে নেয়া। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান./৪