পদ্মার চরে ক্রীড়াপল্লি ও অলিম্পিক কমপ্লেক্স নির্মাণ হবে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i33436-পদ্মার_চরে_ক্রীড়াপল্লি_ও_অলিম্পিক_কমপ্লেক্স_নির্মাণ_হবে_শেখ_হাসিনা
পদ্মার চরে আধুনিক ক্রীড়াপল্লি ও অলিম্পিক কমপ্লেক্স নির্মাণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'পদ্মাসেতু তৈরি হচ্ছে। সেই পদ্মার চরেই একটি উন্নতমানের ক্রীড়াপল্লি গড়ে তুলব। যেখানে বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজন এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এমনকি একটি অলিম্পিক কমপ্লেক্সও ওখানে নির্মাণ করতে চাই।'
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ১৪:০৫ Asia/Dhaka
  • রোল বল বিশ্বকাপে সেরা খেলোয়াড় হৃদয়কে পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী
    রোল বল বিশ্বকাপে সেরা খেলোয়াড় হৃদয়কে পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী

পদ্মার চরে আধুনিক ক্রীড়াপল্লি ও অলিম্পিক কমপ্লেক্স নির্মাণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'পদ্মাসেতু তৈরি হচ্ছে। সেই পদ্মার চরেই একটি উন্নতমানের ক্রীড়াপল্লি গড়ে তুলব। যেখানে বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজন এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এমনকি একটি অলিম্পিক কমপ্লেক্সও ওখানে নির্মাণ করতে চাই।'

আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত চতুর্থ রোল বল ওয়ার্ল্ড কাপ-২০১৭-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশের যুব সমাজকে যে কোনো ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ বা মাদকাসক্তি থেকে দূরে রাখতে হবে। আর সেটা করতে গেলে খেলাধূলা ও সংস্কৃতি চর্চা একান্তভাবে জরুরি। সেই পদক্ষেপই আমরা নিতে চাই।

বাংলাদেশ সফলভাবে আন্তর্জাতিক সব টুর্নামেন্ট আয়োজন করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোপূর্বে অনেক আয়োজন সফলভাবে শেষ করেছি। এবার রোল বল বিশ্বকাপও তাই। রোল বল খেলাটি খুব পরিচিত খেলা নয়। তবে সময়ের বিবেচনায় খেলাটির পরিধি অনেক প্রসারিত হয়েছে। যা ভারত শুরু করলেও এটি এখন ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশে জনপ্রিয় হয়ে উঠেছে।

বিপুল সমারোহে এমন বর্ণাঢ্য আয়োজনের জন্য সংগঠকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বিদেশি অতিথিদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনারা ভুলে যাবেন না বাংলাদেশকে। নিজ নিজ দেশে ফিরে গিয়ে বাংলাদেশ সম্পর্কে বলবেন, আয়োজন সম্পর্কে বলবেন।

পরে চতুর্থ রোল বল ওয়ার্ল্ড কাপ, ২০১৭’র পুরুষ ও মহিলা বিভাগের চ্যাম্পিয়ন ভারত ও রানার আপ ইরানের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপভোগ করেন বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন প্রথমবারের মতো ঢাকায় ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি চতুর্থ রোল বল ওয়ার্ল্ড কাপ- ২০১৭ প্রতিযোগিতার আয়োজন করে। এবারই প্রথমবারের মতো এই খেলায় সর্বোচ্চ সংখ্যক ৩৯টি দেশ ও সর্বোচ্চ ৬২৫ জন ক্রীড়াবিদ অংশ নেয়।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৩