বিশ্বব্যাংকের পরামর্শে বিএনপি সরকার দেশের পাটকলগুলো বন্ধ করেছিল: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i34218-বিশ্বব্যাংকের_পরামর্শে_বিএনপি_সরকার_দেশের_পাটকলগুলো_বন্ধ_করেছিল_প্রধানমন্ত্রী
বিএনপি ক্ষমতায় থাকাকালে বিশ্বব্যাংকের পরামর্শে বাংলাদেশের পাটকলগুলো বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটশনে জাতীয় পাট দিবসের আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ০৯, ২০১৭ ১৬:৩৪ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপি ক্ষমতায় থাকাকালে বিশ্বব্যাংকের পরামর্শে বাংলাদেশের পাটকলগুলো বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটশনে জাতীয় পাট দিবসের আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বাধীনতাবিরোধী শক্তি পাটকে অবহেলা করেছে উল্লেখ করে  প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বিশ্বব্যাংকের পরামর্শে একটা চুক্তি সই করে। আর সেটা হলো বাংলাদেশের পাটকলগুলি একে একে বন্ধ করে দেয়ার চুক্তি। ঠিক একই সময়, বিশ্বব্যাংক ভারতের সঙ্গে একটি চুক্তি করে। পার্লামেন্টে আমি বক্তব্য রেখেছিলাম যে আড়াই লাখ বেল পাট রপ্তানি হওয়ার পরও যদি বিদেশে চাহিদা থেকে থাকে তাহলে বাংলাদেশে কেন পাটকল বন্ধ হবে। আর ভারত কেন নতুন পাটকল করার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের পাট শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বর্তমান সরকার পাটের সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে। যার ফলে পাটের উৎপাদন বেড়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট সংরক্ষণের জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

উন্নত পাট ও বহুমুখী পাটপণ্য উৎপাদনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পাটের বহুমুখী ব্যবহার হচ্ছে। যে শাড়িটা পরে এসেছি, এটা পাটের তৈরি, যে ব্যাগটা ব্যবহার করছি, সেটাও পাটের তৈরি। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পাটের বহুমুখীকরণ করে যাচ্ছি। পাট থেকে উন্নত তন্তু, পলিথিনের মতো হালকা উন্নতমানের পাটের ব্যাগ, ‍ওষুধি গুণ সম্পন্ন চায়ের মতো পাট পাতার পানীয়, পাটের বস্ত্র, ব্যাগ, নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী ব্যবহারে সুবিধা ও গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিশ্বে বাংলাদেশের সম্মান বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি প্রতিষ্ঠানের এমডি, পদ ধরে রাখার জন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তার বিচার জনগণ করবে। দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে পদ্মাসেতু নির্মাণে অর্থায়ন বন্ধ করেছিল বিশ্বব্যাংক তা আজ প্রমাণিত। এর জন্য দায়ী ব্যক্তির বিচার দেশের মানুষ করবে বলেও জানান তিনি।

পরে দর্শক আসনে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাটজাত পোশাকের ফ্যাশন-শো উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/৯