শততম টেস্টে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, সিরিজ সেরা সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজ ১-১-এ ড্র করল টাইগাররা। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর ইতিহাসের চতুর্থ দেশ হিসেবে শততম টেস্টে জয় পেল বাংলাদেশ।
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ ১৮ বার শ্রীলঙ্কার মুখোমুখে হয়েছে। তবে এবারই প্রথম লঙ্কানদের বিপক্ষে জয়ের স্বাদ পেল মুশফিকুর রহিমের দল।
আজ (রোববার) পি সারা ওভাল স্টেডিয়ামে ইতিহাস গড়তে টাইগারদের প্রয়োজন ছিল ১৯১ রানের। তামিম ইকবাল এবং সাব্বির রহমানের দায়িত্বশীল ব্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে প্রথম জয় পেল বাংলাদেশ।
এর আগে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানে অলআউট হয়। সাকিব ৪টি এবং মোস্তাফিজ ৩টি উইকেট লাভ করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম উভয়েই ১টি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে লংকান অধিনায়ক রঙ্গনা হেরাথের বলে দলীয় ২২ রানে ১০ রান করা সৌম্য সরকার সাজঘরে ফেরেন। একবার জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি সৌম্য।
সৌম্য সরকারের পর মাঠে নামা ইমরুল কায়েস প্রথম বলেই খোঁচা মেরে আউট হন। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথের পরপর দুই বলে সৌম্য ও ইমরুলের উইকেট বিপদে ফেলে দিয়েছিল দলকে। এরপর তামিম ও সাব্বির প্রতিরোধ গড়েন। তামিম ইকবাল নিজের টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নেন। সাব্বিরের সঙ্গে ১০৯ রানের জুটি গড়েন তামিম। তবে ৮২ রান করে দিলরুয়ান পেরেরার বল তুলে মারতে গিয়ে আউট হন তামিম ইকবাল। তামিমের পর দ্রুতই ফিরে যান সাব্বির রহমান। ৪১ রান করা সাব্বির পেরেরার বলে এলবিডব্লিউ হন। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হন লংকান অধিনায়ক হেরাথ।
চা বিরতি থেকে ফিরে দুর্ভাগ্যজনকভাবে আউট হন সাকিব। পেরেরার করা বল সাকিবের ব্যাটে লেগে স্ট্যাম্পে হালকা ছোঁয়া দিয়ে লংকান উইকেটরক্ষকের পায়ে লাগে। বেশ কিছু সময় পর বেল পড়ে যায়। এতে জোরালো আবেদন করেন লংকান উইকেটরক্ষক। পরে থার্ড আম্পায়ারের কাছে যান ফিল্ড আম্পায়ার।
থার্ড আম্পায়ার বার বার রিপ্লে দেখে নিশ্চিত হন-সাকিবের ব্যাটে বল লাগার পরই তা স্ট্যাম্পে আঘাত হেনেছে। এরপরই ১২ রান করা সাকিব প্যাভিলিয়নের পথ ধরেন। জয়ের একেবারে দ্বারপ্রান্তে গিয়ে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ১৩ রানে হেরাথের বলে আউট হন। তবে অধিনায়ক মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। মুশফিক ২২ এবং মিরাজ ২ রানে অপরাজিত থাকেন।
পি সারা ওভাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করে ৩৩৮ রান। জবাবে সাকিব আল হাসানের দুর্দান্ত শতকে ৪৬৭ রান করে বাংলাদেশ। এতে ১২৯ রানের লিড পেয়েছিল টাইগাররা। ১২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩১৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯১ রান। ৬ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
ওভাল টেস্টে দুই ইনিংসে ১৩১ রান করে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে, দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ১৩১ রান ও ৬ উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম টেস্টেও বল হাতে ৩ উইকেট পেয়েছিলেন সাকিব। আর রান করেছিলেন ৩১টি। দুই টেস্ট মিলিয়ে মোট ৯ উইকেট এবং ১৬২ রান করার সুবাদে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন সাকিব।#
পার্সটুডে/এআর/১৯