জঙ্গিবাদ নিয়ে ভয়ংকর খেলায় মেতেছে সরকার: মির্জা ফখরুল
-
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদ নিয়ে সরকার একটি ভয়ংকর খেলায় মেতেছে। এ খেলা দেশকে কোথায় নিয়ে যাবে জানি না।
আজ (সোমবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই আশংকার কথা প্রকাশ করেন। বিএনপি জোটের শরিক এনপিপি ওই আলোচনার আয়োজন করে।
বিএনপি মহাসচিব বলেন, ‘ইতোমধ্যে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে জঙ্গিবাদ একটি ভয়ংকর সমস্যা। যদি আমরা ঐক্যবদ্ধভাবে এর সমধান না করি। তাহলে বাংলাদেশেকে কোন দিকে যাবে, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া মতো ভাগ্য বরণ করতে হয় কিনা জানি না।’
সম্প্রতি র্যাবের হাতে গ্রেফতারের পর নিহত মো. হানিফ মৃধার বিষয়ে বিএনপির মহাসচিব স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেছেন। তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের যুবকদের তুলে নিয়ে গিয়ে জঙ্গি বানিয়ে হত্যা করা বা জঙ্গিবাদের অস্তিত্ব প্রকাশ করা হচ্ছে কি না।
হানিফ মৃধাকে নিয়ে প্রকাশিত সংবাদ তুলে ধরে ফখরুল বলেন, ‘আমি অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা দাবি করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, কোনটি সত্য? র্যাবের ব্যাখ্যা সেটি সত্য নাকি পরিবারের দাবি সত্য? যদি পরিবারের দাবি সত্য হয়ে থাকে, তাহলে আমরা কোন দেশে বাস করছি? সরকারের একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা দেয়া, সঠিক তথ্য জাতির কাছে তুলে ধরা, তাহলে এটা কী?’
এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘একটা নয়, অসংখ্য ঘটনা এ রকম ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছ এক কথা, পরিবার বলছে তুলে নেয়া হয়েছে। পরিবারগুলোর দাবি যদি সঠিক হয়, তাহলে কি আমরা এই দাবি করতে পারি যে, একটা অত্যন্ত গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এই লোকগুলোকে তুলে নিয়ে গিয়ে পরবর্তী সময়ে তাদের জঙ্গি বানিয়ে হত্যা করা হচ্ছে বা জঙ্গিবাদের অস্তিত্বকে প্রকাশ করার জন্য তাদের ব্যবহার করা হচ্ছে?
এর আগে, রোববার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদকে বাংলাদেশের সাধারণ মানুষ কখনো প্রশয় দেবে না। বাংলাদেশের মানুষ যেকোনো সন্ত্রাস, উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে। সেই কারণেই বাংলাদেশে জঙ্গিবাদ কখনো প্রশ্রয় পায় নাই। সেজন্য আমরা বরাবরই বলছি যে, গণতন্ত্রের চর্চা একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে এ সমস্যার সমাধান হতে পারে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০