আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাশরাফি
-
ছবি মাশরাফি বিন মুর্তজার ফেসবুক থেকে সংগৃহিত
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জেতার পর তিনি এই ঘোষণা দেন। তবে এই সিরিজটি খেলবেন তিনি। অবশ্য মাঠে নামার আগে তিনি নিজের ফেসবুক টাইমলাইনে বাংলা ও ইংরেজিতে একই ঘোষণার কথা জানান।
মাশরাফি তার ফেসবুক পেইজে লিখেছেন, "টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে বাংলাদেশ টিমকে ১০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি, বর্তমান দলটি একটি ভালো দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে। আমার ওপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।"
ভক্ত-পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফি লিখেছেন, "আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সব সময় সমর্থন করার জন্য। এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল। আমি সব সময় চেষ্টা করেছি আমার ভক্তদের খুশি করার। আমি আমার প্রত্যেক ভক্তের কাছে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে দল হিসেবে আমরা ভালো খেলছি। আমি নিশ্চিত, বাংলাদেশ সামনের দিনগুলোতেও ভালো ক্রিকেট খেলবে।"
টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার কারণ হিসেবে তিনি বলন, "আমি মনে করি, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময়, যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। আমি বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ককে আগাম অভিনন্দন জানাই এবং আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় সামনে আসবে।"’
২০০১ সালে ওয়ানডে ও টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় মাশরাফির। আর টি-টোয়েন্টিতে অভিষেধ হয় ২০০৬ সালে। অভিষেক টি-টোয়েন্টিতে তিনি ম্যান অব দা ম্যাচ পুরস্কার পেয়েছিলেন। গত ১০ বছরে বাংলাদেশের ৬৬ টি-টোয়েন্টির ৫৩টিতেই খেলেছেন। টেস্ট ক্রিকেটকে থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। আজ টি-টোয়েন্টিকে বিদায় জানালেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৪