জয় দিয়ে শেষ করাটা অসাধারণ কিছু: মাশরাফি
https://parstoday.ir/bn/news/bangladesh-i35764-জয়_দিয়ে_শেষ_করাটা_অসাধারণ_কিছু_মাশরাফি
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিদায়ী টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে লঙ্কানদেরকে হারিয়ে ১-১ ব্যধানে সিরিজ শেষ করল মাশরাফি বাহিনী। টি-টুয়েন্টি সিরিজের মতো ওয়ানডে এবং টেস্ট সিরিজও ১-১ ব্যবধানেই শেষ করেছে টাইগাররা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৬, ২০১৭ ২১:০২ Asia/Dhaka
  • বিদায়ী ম্যাচে জয় নিশ্চিতের পর মাশরাফির উদযাপন
    বিদায়ী ম্যাচে জয় নিশ্চিতের পর মাশরাফির উদযাপন

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিদায়ী টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে লঙ্কানদেরকে হারিয়ে ১-১ ব্যধানে সিরিজ শেষ করল মাশরাফি বাহিনী। টি-টুয়েন্টি সিরিজের মতো ওয়ানডে এবং টেস্ট সিরিজও ১-১ ব্যবধানেই শেষ করেছে টাইগাররা।

বৃহস্পতিবার সন্ধ্যায় কলম্বোর রাণগিরি প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তামিম ইকবালের ইনজুরিতে সৌম্য সরকারের সাথে ওপেনিংয়ে সঙ্গী হন ইমরুল কায়েস। ব্যাটিংয়ে নেমেই ঝড়ো ব্যাটিং শুরু করেন এই দুই ওপেনার। টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড উদ্বোধনী জুটি গড়েছেন এই দুজন। পাওয়ার প্লের ৬ ওভারেই তুলেছেন ৬৮ রান।

৭১ রানে তাদের ওপেনিং জুটি ভাঙেন লঙ্কান বোলার গুণারাত্নে।  তিনি ১৭ বলে ৩৪ রান করা সৌম্য সরকারকে ফেরান কট এন্ড বোল্ড করে। তার ঠিক পরেই ২৫ বলে ৩৬ রান করা ইমরুল কায়েস সাজঘরে ফেরেন রান আউট হয়ে।

এই দুজনের আউট হওয়ার পর তৃতীয় উইকেট জুটিতে ৪৬ রান যোগ করেন সাব্বির রহমান ও সাকিব আল হাসান।  সাব্বির ১৮ বলে ১৯ রান করে বোল্ড হয়ে ফিরেন সঞ্জয়ার বলে। সাকিব করেন ৩১ বলে ৩৮ রান। তাকে ফেরান লঙ্কান অভিজ্ঞ পেসার কুলাসেকারা।

শেষদিকে লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গার হ্যাটট্রিকের পরও মুশফিক, মোসাদ্দেকের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে টাইগাররা। লঙ্কানদের হয়ে লাসিথ মালিঙ্গা তিনটি ও কুলাসেকারা, সঞ্জয়া, গুণারাত্নে, পেরেরা নেন একটি করে উইকেট।

১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় বলে লঙ্কার ওপেনার কুশাল পেরেরাকে বোল্ড করে ফেরান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব তার দ্বিতীয় ওভারে আরেক ওপেনার দিলশান মুনাভিরাকে ফেরান মাহমুদুল্লাহ’র ক্যাচ বানিয়ে। লঙ্কান ব্যাটসম্যান থারাঙ্গাকে সাজঘরে ফেরান মাহমুদুল্লাহ। থারাঙ্গা আউট হওয়ার আগে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে যোগ করেন ২১ বলে ২৩ রান।

টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন মিরাজ। তার বলে উপুল থারাঙ্গার ক্যাচ জমাতে পারেননি মাশরাফি। পরের ওভারেই আক্রমণে এসে শ্রীলঙ্কান অধিনায়ককে বিদায় করেন মাহমুদউল্লাহ।

আক্রমণে এসে উইকেট পান মুস্তাফিজুর রহমানও। নিজের প্রথম দুই বলে বিদায় করেন আসেলা গুনারত্নে ও মিলিন্দা সিরিবর্ধনেকে। কয়েকবারের চেষ্টায় কাভারে গুনারত্নের ক্যাচ ধরেন মোসাদ্দেক; পয়েন্টে সিবির্ধনের ক্যাচ তালুবন্দি করেন সৌম্য।

মুস্তাফিজের হ্যাটট্রিক ঠেকিয়ে দেয়া থিসারাকে নিয়ে শুরু হয় চামারা কাপুগেদারার প্রতিরোধ পর্ব। ত্রয়োদশ ওভারে ফিরে ৫৮ রানের সেই জুটি ভাঙেন সাকিব। তার বলে বাইরে এসে স্টাম্পড হয়ে যান থিসারা।

টি-টোয়েন্টিতে নিজের শেষ ওভারে মাশরাফি বিদায় করেন বিপজ্জনক সিকুগে প্রসন্নকে। স্টাম্পের বল লেগে খেলতে গিয়ে বোল্ড হন এই মারকুটে ব্যাটসম্যান।

শেষ ৪ ওভারে প্রয়োজন ৫৮ রান। সেই সময়ের জন্য মুস্তাফিজের দুটি ওভার রেখে দিয়েছিলেন মাশরাফি। বাঁহাতি পেসারের প্রথম বলে ব্যাটের কানায় লেগে কোনোমতে চার পেয়ে যান কাপুগেদারা, পৌঁছান অর্ধশতকে।

পরের বলে মুস্তাফিজের অফ কাটারে লংঅফে ধরা পড়েন মিরাজের হাতে। ৩৫ বলে ৫০ রান করে কাপুগেদারার বিদায়ে জয়ের আশা প্রায় শেষ শ্রীলঙ্কার। সেই ওভারের শেষ বলে মালিঙ্গাকে বোল্ড করে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান মুস্তাফিজ।

বাকিটা সারেন এই সিরিজেই অভিষিক্ত মোহাম্মদ সাইফ উদ্দিন। তার বলেই লংঅনে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন ভিকুম সঞ্জয়া। টানা আট ম্যাচে হারের পর জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

২১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজ। সাকিব ৩ উইকেট নিতে খরচ করেন ২৪ রান। অলরাউন্ডার পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতেন তিনিই।

সাকিব সত্যিই ভালো বোলিং করেছে: উপুল থারাঙ্গা

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা প্রশংসায় ভাসিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তিনি বলেন, “আমি হতাশ। আমরা সিরিজে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছি। সাকিব সত্যিই ভালো বোলিং করেছে। তার বোলিং অনেক বৈচিত্র্যময় ছিল। তাকে অনেকগুলো লীগ খেলার অভিজ্ঞতা সাহায্য করেছে। আমরা অনেক উন্নতি করেছি এবং এখানে আরো উন্নতি করার জায়গা আছে। আমাদের উন্নতির দিকে নজর দিতে হবে। “

জয় দিয়ে শেষ করাটা অসাধারণ কিছু: মাশরাফি

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করলেন তাঁর শুভার্থীদের প্রতি। পরশু টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণার সময় বাংলাদেশ অধিনায়ক পরিবার, সতীর্থ, বিসিবি ও সমর্থকদের প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতা জানিয়েছেন।

২০০৬ সালের নভেম্বরে নিজের অভিষেক টি-টোয়েন্টি জিতেছিল বাংলাদেশ। সেটা বাংলাদেশেরও প্রথম টি-টোয়েন্টি। আজ নিজের শেষ টি-টোয়েন্টিতে জয় দিয়ে শেষ করতে পেরে তৃপ্তি ছুঁয়ে যাচ্ছে মাশরাফিকে, ‘জয় দিয়ে শেষ করাটা অসাধারণ কিছু। সামনেও দলকে এটা কাজে দেবে। আমি এই খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে গর্বিত। অসাধারণ সব খেলোয়াড় আছে এই দলটায়। সতীর্থ, স্টাফ ও বিসিবিকে ধন্যবাদ, যারা দুঃসময়ে আমার পাশে থেকেছে। আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা।’

দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট মাশরাফি, ‘টেস্ট থেকে শুরু। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও ছেলেরা অসাধারণ খেলেছে। তারা নিজেদের দৃঢ়তা দেখিয়েছে। এটা পরের সফরেও কাজে দেবে।’

মাশরাফি আমার কাছে বিশেষ কিছু: সাকিব

আজকের খেলায় ম্যাচসেরা সাকিব আল হাসান মাশরাফির প্রশংসা করে বলেন, ‘মাশরাফি আমার কাছে বিশেষ কিছু। আমি আন্তর্জাতিক ক্রিকেট শুরুর আগ থেকেই তার খেলা দেখে আসছি। তিনি এই দলটায় কতটা গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলতে পারব না। তিনি তো ওয়ানডেতে আছেনই। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাঁর।’#

পার্সটুডে/এআর/৭