আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার ও তাণ্ডব চালাচ্ছে: রিজভীর অভিযোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i36778-আইনশৃঙ্খলা_রক্ষাকারী_বাহিনী_গণগ্রেপ্তার_ও_তাণ্ডব_চালাচ্ছে_রিজভীর_অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযানের নামে দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের ফের গণগ্রেপ্তার শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৪, ২০১৭ ১৫:২৯ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযানের নামে দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের ফের গণগ্রেপ্তার শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (সোমবার) দুপুরের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।

রিজভীর ভাষ্য, বিশেষ অভিযানের নামে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। বাড়িতে নেতা-কর্মীদের না পেলে তাদের পরিবারের সদস্যদের লাঞ্ছিত করা হচ্ছে।

বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দাবি, ২০-দলীয় জোটে থাকা অন্য দলগুলোর নেতা-কর্মীরাও গণগ্রেপ্তারের শিকার হচ্ছেন।

রিজভীর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারে অভিযান চালানো বন্ধের আহ্বান জানান।

তবে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার ও মুক্তিযুদ্ধবিরোধী সকল ‘অপপ্রচারের’ জবাব দেবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে রাজপথে জোটগতভাবে অবস্থান নেবে তারা। সম্প্রতি জোটের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১৪ দলীয় জোট নেতারা জানিয়েছেন, আগামী মে মাসে সিরিজ কর্মসূচি দিয়ে রাজনীতির মাঠে সক্রিয় অবস্থান নেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। পাশাপাশি সারাদেশে জোটের কর্মকাণ্ড পরিচালনার জন্য তহবিল সৃষ্টি ও আরও অধিক সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে বিরোধীপক্ষ থেকে যে প্রচারণা চালানো হয়েছে সে বিষয়ে জোট শরিকরা সোচ্চার ভূমিকা পালন করেছেন। পৃথক বিবৃতি ও বক্তব্যের মাধ্যমে তারা সরকারের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন। এ ধরনের ইস্যু ছাড়াও জনস্বার্থে সরকারবিরোধী যেকোনও ‘অপপ্রচারের’ জবাব দেবেন জোট নেতারা।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতের মাধ্যমে আগামী মাসে এই কর্মসূচি শুরু হবে। এরপর দেশের বিভিন্ন জেলায় জোটগতভাবে সমাবেশ করবে কেন্দ্রীয় ১৪ দল।এসব সমাবেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানানো হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৪