বাংলাদেশে এখন সরকার বলে কিছু নেই: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i36950-বাংলাদেশে_এখন_সরকার_বলে_কিছু_নেই_মির্জা_ফখরুল
বাংলাদেশে এখন সরকার বলে কিছু নেই; এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে সুশাসন নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের একটি বৃহত্তর অঞ্চলে বন্যার মতো দুর্যোগ চলছে। আর এই সময় হাওরের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশে বাইরে অবস্থান করছেন। এতে প্রমাণ হয় দেশে এখন সরকার বলে কিছু নেই। বন্যা দুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর আরও আগেই যাওয়া উচিত ছিল বলেও জানান মির্জা ফখরুল।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৭, ২০১৭ ১৫:১৪ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে এখন সরকার বলে কিছু নেই; এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে সুশাসন নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের একটি বৃহত্তর অঞ্চলে বন্যার মতো দুর্যোগ চলছে। আর এই সময় হাওরের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশে বাইরে অবস্থান করছেন। এতে প্রমাণ হয় দেশে এখন সরকার বলে কিছু নেই। বন্যা দুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর আরও আগেই যাওয়া উচিত ছিল বলেও জানান মির্জা ফখরুল।

আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করতে চায় বিএনপি। শ্রমিক সমাবেশের জন্য ইতোমধ্যে অনুমতি চাওয়া হয়েছে; তবে এখনও অনুমতি দেয়নি। তাই পরবর্তীতে ২ অথবা ৩ মে সমাবেশের জন্য পুনরায় অনুমতি চাওয়া হয়েছে। প্রত্যাশা করি সরকার এ ব্যাপারে সহযোগিতা করবে। আমরা কোন প্রকার দ্বন্দ্বে যেতে চাই না। গণতান্ত্রিক পথে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাই। গণতান্ত্রিক কর্মসূচি পালনে সরকার সহযোগিতা করবে বলেই আশা জানান তিনি।

এদিকে বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, হাওর এলাকায় সাহায্য করতে এগিয়ে আসা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে ত্রাণ তৎপরতা চালাতে দিতে বাধা দিচ্ছে সরকার। এ সময় আবারও ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফরের অজুহাত তুলে স্থানীয় প্রশাসন বিএনপির প্রতিনিধিদলকে সফরের অনুমতি দেয়নি অভিযোগ করে রিজভী বলেন, অধিকাংশ এলাকায় বিপন্ন মানুষগুলোর কাছে সরকারের সহায়তা পৌঁছায়নি। নেত্রকোনায় হাওর এলাকায় সরকারের এক মন্ত্রী গুটিকয়েক দুর্গত মানুষকে ত্রাণ দিয়ে ঢাকায় চলে এসেছেন। দুর্গত মানুষদের ত্রাণ দেয়ার ক্ষেত্রেও দলীয়করণ করা হচ্ছে।

অন্যদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি  বলেন, বিএনপি নির্বাচনে যেতে চায় কিন্তু শেখ হাসিনা রেফারি থাকলে নয়। জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ডসহ স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না করলে উদ্ভূত পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীই দায়ী থাকবেন।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৭