ত্রিদেশীয় সিরিজ: বাংলাদেশের কাছে পাত্তাই পেল না আয়ারল্যান্ড
https://parstoday.ir/bn/news/bangladesh-i38266-ত্রিদেশীয়_সিরিজ_বাংলাদেশের_কাছে_পাত্তাই_পেল_না_আয়ারল্যান্ড
ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে অনবদ্য নৈপুণ্য দেখানো টাইগারদের কাছে পাত্তাই পায়নি আইরিশরা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৯, ২০১৭ ১৯:৪৬ Asia/Dhaka
  • সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান
    সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান

ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে অনবদ্য নৈপুণ্য দেখানো টাইগারদের কাছে পাত্তাই পায়নি আইরিশরা।

ডাবলিনে টস জিতে প্রথমে ফিল্ডিং সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজ, মাশরাফি আর অভিষিক্ত সানজামুলের বোলিং তোপে ৪৬.৩ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায় আইরিশ শিবির।

স্বাগতিকদের দেয়া ১৮২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মাশরাফি বিন মর্তুজারা। সর্বোচ্চ ৮৭ রান সংগ্রহ করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নামা সৌম্য সরকার। ৬৮ বলে ১১ চার এবং ২ ছক্কায় এই ইনিংস খেলেছেন সৌম্য। অন্যদিকে, ভালো শুরুর পর দলীয় ৯৫ রানের মাথায় তামিম ফিরেছেন ব্যক্তিগত ৪৭ রান সংগ্রহ করেন। তিনি ৫৪ বলের ইনিংসটিতে খেলেছেন ৬টি চারের মার। এছাড়া, সাব্বির রহমান ৩৪ বলে ৩ চার ও এক ছক্কায় করেছেন ৩৫ রান, আর শেষ সময়ে সৌম্যকে সঙ্গ দিয়ে ব্যাক্তিগত ৩ রান সংগ্রহ করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম।

আইরিশদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ব্যারি ম্যাককার্থি এবং কেভিন ও’ব্রায়ান।

তামিম ইকবাল করেন ৪৭ রান

এর আগে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিংকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। স্লিপে সহজ এক ক্যাচ নেন সাব্বির রহমান।

এরপর ভালোই খেলছিলেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ও এড জয়সে। দলীয় অষ্টম ওভারে পোর্টারফিল্ডের সহজ ক্যাচ ফেলে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে পরের ওভারেই প্রায়শ্চিত্ত করেন এই অলরাউন্ডার। দারুণ এক বলে পোর্টারফিল্ডকে ফিরিয়ে দেন তিনি। এরপর ১৫তম ওভারে সাকিবের আর্মারে বিভ্রান্ত হয়ে বোল্ড হন বালবার্নি। 

৬১ রানে ৩ উইকেটে হারিয়ে আইরিশ দল তখন বেশ বিপদে। চতুর্থ উইকেট জুটিতে দলের বিপর্যয়টা ঠেকান নেইল ও’ব্রায়েন ও এড জয়েস। এই দুজন যোগ করেন ৫৫ রান। জুটিটা যখন বিপজ্জনক হয়ে উঠছিল মাশরাফি তখন ফিরিয়ে আনেন তাঁর মূল অস্ত্র মুস্তাফিজকে। ২৮তম ওভারের তৃতীয় বলে মুস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে তামিমের হাতে ধরা পড়েন নেইল ও’ব্রায়েন। ৪২ বলে ৩৩ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এরপর অভিষিক্ত সানজামুলের হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি। আস্থার প্রতিদান দিতে খুব একটা দেরি করেননি সানজামুল। ভালো খেলতে থাকা এড জয়েসকে ফিরিয়ে দিয়ে ম্যাচে টাইগারদের সম্ভাবনা উজ্জ্বল করে তোলেন তিনি।

এরপর কেভিন ও’ব্রায়েন ও গ্যারি উইলসনকে ফিরিয়ে দিয়ে ম্যাচে বাংলাদেশের আধিপত্য প্রতিষ্ঠা করেন মুস্তাফিজ। কেভিন ও’ব্রায়েন ১০ ও উইলসন ৬ রান করেন। ব্যারি মাককার্থি অবশ্য খানিকটা লড়াই করার চেষ্টা করেছিলেন। তবে সানজামুলের সামনে তার লড়াইটা বেশিক্ষণ টেকেনি। ২৩ বলে ১২ রান করে আউট হন তিনি। আর শেষ ওভারে ডকরেল ও পিটার চেজকে ফিরিয়ে দিয়ে আয়ারল্যান্ডের ইনিংসটা গুটিয়ে দেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন এড জয়সে। এ ছাড়া নেইল ও’ব্রায়েন ৩০, ডকরেল ২৫ ও পোর্টারফিল্ড করেন ২২ রান। মুস্তাফিজ চারটি, সানজামুল ও মাশরাফি নেন দুটি করে উইকেট। ৯ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করায় ম্যাচসেরাও হন 'কাটার মাস্টার'ই।  

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অবশ্য নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল টাইগাররা।#