মানবতার কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী
https://parstoday.ir/bn/news/bangladesh-i38632-মানবতার_কবি_কাজী_নজরুল_ইসলামের_জন্মবার্ষিকী
বাংলাদেশে ২৫ মে পালিত হয়েছে জাতীয় কবি, দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী। কবির জন্মবার্ষিকী উদ্‌যাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী সৈনিক নজরুল’। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৫, ২০১৭ ০৮:১২ Asia/Dhaka
  • কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম

বাংলাদেশে ২৫ মে পালিত হয়েছে জাতীয় কবি, দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী। কবির জন্মবার্ষিকী উদ্‌যাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী সৈনিক নজরুল’। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করেছে।

কবির জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ৬টা ৩০ মিনিটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, নজরুল আমাদের প্রেমের কবি, যৌবনের কবি, মানবতার কবি, সাম্যের কবি ও জাতীয় কবি। নজরুল প্রতিদিনই আমাদের কাছে প্রাসঙ্গিক। বাঙালির জাতীয় জীবনে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের মতো তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসে ও প্রতিটি বিশ্বাসে প্রাসঙ্গিক। সেকালে তিনি, একালে তিনি, তিনি চিরকালীন।

শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন খিলখিল কাজী

কবির নাতনি খিলখিল কাজী নজরুলের সাহিত্যকর্মের অনুবাদ করার যে দাবি তুলেছেন- এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তাঁর দাবিটি সমগ্র জাতির দাবি। আমি যতটুকু জানি, সাহিত্যকর্মের অনুবাদ বিভিন্ন ভাষায় হয়েছে। তবে তাঁর পরিমাণ বৃদ্ধি করে তাঁর মেধা সৌরভ ও গৌরব ছড়িয়ে দেওয়া উচিত।’ এ ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ করবেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এদিকে, বিএনপির পক্ষ থেকে কবি নজরুলে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, ‘বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক। আমরা যখন বাকরুদ্ধ, অধিকারের জন্য কথা বলি, তখন নজরুল আমাদের প্রেরণা দেয়। আমরা যখন ভয়ংকর দুঃশাসনের মধ্যে সামান্যতম স্বস্তির কথা চিন্তা করি, তখন নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক।’

তিনি বলেন, ‘আমরা যখন মিছিল করি, লড়াই করি, যখন প্রতিবাদ করি, তখন কাজী নজরুলকে স্মরণ করি। আমরা যখন অধিকারহারা, সেই অধিকার পুনরুদ্ধারের জন্য নজরুলকে স্মরণ করি। সংকট ও দুঃসময়ের মধ্যেও একে অপরের প্রতি ভালোবাসার চিন্তা করি, তখনো নজরুল আমাদের প্রেরণার জায়গা। আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নজরুল আমাদের প্রেরণার জায়গা।’

কবি কাজী নজরুল ইসলাম

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর ডাক নাম  ছিল ‘দুখু মিয়া। জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। #

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫