সুন্দরবন ধ্বংস হবে বলে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i39590-সুন্দরবন_ধ্বংস_হবে_বলে_একটি_মহল_বিভ্রান্তি_ছড়াচ্ছে_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে একটি মহল ভিত্তিহীন, কাল্পনিক ও মনগড়া বক্তব্য দিয়ে সুন্দরবন ধ্বংস হবে বলে গণমাধ্যমে তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ০৭, ২০১৭ ১৩:০১ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে একটি মহল ভিত্তিহীন, কাল্পনিক ও মনগড়া বক্তব্য দিয়ে সুন্দরবন ধ্বংস হবে বলে গণমাধ্যমে তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে।

আজ (বুধবার) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মীর মোস্তাক আহমেদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে নির্বাচিত তিনটি জায়গার মধ্যে পরিবেশগত এবং অন্যান্য সার্বিক দিক দিয়ে রামপালকে সবচেয়ে সুবিধাজনক ও গ্রহণযোগ্য হওয়ায় সে স্থানকে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বেছে নেয়া হয়েছে।

সংসদে এক  প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া ‘ভিশন ২০৩০’ আওয়ামী লীগের রূপকল্প: ২০২১-এর প্রতিচ্ছবি। তারা ক্ষমতায় গেলে কী কী করবে রূপকল্পে তার দীর্ঘ ফর্দ দেওয়া হলেও কীভাবে কোন পদ্ধতিতে তা বাস্তবায়ন করা হবে, কীভাবে অর্থায়ন হবে তা স্পষ্ট নয়। এটি অনেকটা নির্বাচনী ইশতেহারের মতোই হয়ে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি তাদের রূপকল্প ২০৩০-এ যে বিষয়গুলো উল্লেখ করেছে, তার অধিকাংশই বর্তমান সরকার ইতিমধ্যে পূরণ করেছে। আগামী অর্থবছরে বাকি কাজগুলো শেষ করা হবে।

শেখ হাসিনা বলেন, বিএনপি তাদের শাসনামলে অনিয়ম-দুর্নীতি, জঙ্গি পৃষ্ঠপোষকতার দৃষ্টান্ত রেখেছে। এরপর ক্ষমতার বাইরে থেকে জ্বালাও-পোড়াওসহ অনিয়মতান্ত্রিক তৎপরতা দিয়ে যে নেতিবাচক ইমেজ তৈরি করেছে তা কাটিয়ে উঠে এতটা জনআস্থা অর্জন তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ।

এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে  শ্রদ্ধা জানিয়েছেন। 

উল্লেখ্য, ১৯৬৬ সালের এই দিনে শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে গুলিতে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ ১০ জন নিহত হন। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭