ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, রোহিঙ্গাদের পক্ষে বিএনপির মানববন্ধন কর্মসূচি
-
ঢাকায় নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্ট
রাখাইনে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের দমন অভিযান থেকে জীবন বাঁচাতে রোহিঙ্গা মুসলমানদের ব্যাপকহারে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আবারও তলব করেছে ঢাকা। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তিনবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হল।
আজ (বুধবার) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করীম মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে তলব করেন। এসময় বাংলাদেশে অপ্রত্যাশিতভাবে অত্যধিক রোহিঙ্গা প্রবেশ করার ঘটনায় আবারও প্রতিবাদ জানানো হয়। এ বিষয়ে মিয়ানমারের দূতকে একটি অনানুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয়। ওই পত্রে রোহিঙ্গাদের সুরক্ষা এবং বাংলাদেশে অবস্থানরত সব রোহিঙ্গাকে প্রত্যাবাসনে পদক্ষেপ নেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন স্থাপনের বিষয়েও প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবিতে বিএনপির কর্মসূচি
এদিকে, নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির মুসলিম নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবিতে ঢাকাসহ সারা দেশে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করা হবে ঘোষণা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলায় এক দলীয় অনুষ্ঠানে এ কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, “রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্মম সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গারা আজ বাংলাদেশের নাফ নদীর পাশে আশ্রয়ের জন্য দিনাতিপাত করছে।
রোহিঙ্গাদের সংকট জাতিসংঘে তোলার আহ্বান ফখরুলের
এর আগে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর উত্তরায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে ঈদ-পূনর্মিলনী অনুষ্ঠানে রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট মানবিক সংকট জাতিসংঘে তোলার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশমুখী হাজার হাজার রোহিঙ্গার ঢলের কথা উল্লেখ করে তিনি বলেন, “আজকে রোহিঙ্গারা যে ধর্মেরই হোক, যে জাতির হোক তারা মানুষ। অসহায় নারী-শিশু-বৃদ্ধ ও অহত মানুষদের আজকে আমরা আশ্রয় না দিয়ে সীমান্তে বন্দুক নিয়ে পাহাড়া বসানো হয়েছে যাতে তারা ঢুকতে না পারে- এটা অত্যন্ত অমানবিক।”
ফখরুল বলেন, “দুঃখজনক হল যে, মিয়ানমারের মূল যিনি পরিচালক অং সান সুচি- তিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্যে, তার দ্বারা আজকে এই মানবিক অপরাধ মানবতাবিরোধী কাজটি হচ্ছে। আমরা এর নিন্দা জানাই। অবিলম্বে সুচিকে এই সহিংসতা বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।”
নাফ নদীতে ৭ রোহিঙ্গার লাশ উদ্ধার
এদিকে নাফ নদীতে ফের রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় শিশুসহ ৭ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ও বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপে নাফনদী থেকে এ লাশগুলো উদ্ধার করে স্থানীয় জনগন এবং ও কোস্টগার্ড সদস্যরা। এ পর্যন্ত বঙ্গোপসাগর ও নাফনদী থেকে ৬২ রোহিঙ্গার লাশ উদ্ধার করে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় দাফন করা হয়।
গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলার কথা বলে সেখানে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান শুরু করেছে সেনা ও পুলিশ। নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে রোহিঙ্গাদের। তাদের শত শত ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়া হয়েছে। প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করছে। আর সাগর ও নদী পথে সীমান্তে পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫