রোহিঙ্গাদের ত্রাণ সহায়তায় ইরানের ভূমিকার প্রশংসা করল বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i47425-রোহিঙ্গাদের_ত্রাণ_সহায়তায়_ইরানের_ভূমিকার_প্রশংসা_করল_বাংলাদেশ
বাংলাদেশের সমাজকল্যাণ ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের কাছে ত্রাণ সাহায্য পাঠানোর বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রচেষ্টা এবং ভূমিকার প্রশংসা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৩, ২০১৭ ১৫:৩৪ Asia/Dhaka
  • ত্রাণের জন্য রোহিঙ্গাদের দীর্ঘ লাইন
    ত্রাণের জন্য রোহিঙ্গাদের দীর্ঘ লাইন

বাংলাদেশের সমাজকল্যাণ ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের কাছে ত্রাণ সাহায্য পাঠানোর বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রচেষ্টা এবং ভূমিকার প্রশংসা করেছেন।

তিনি গতকাল (বৃহস্পতিবার) ঢাকায় ইরানি রেডক্রিসেন্ট সংস্থার প্রধান আলী আসগর পেইভান্দি ও তার সঙ্গে আসা প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এই প্রশংসা করেছেন।

মোহাম্মাদ নাসিম রোহিঙ্গা মুসলমানদের সাহায্য করার ব্যাপারে ইরানের প্রশংসা করে বলেছেন, সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

তিনি বলেছেন, বহু রোহিঙ্গা মুসলমান মিয়ানমারের সশস্ত্র বাহিনী ও বৌদ্ধদের হাতে হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছে। 

রোহিঙ্গাদের জন্য গত মঙ্গলবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের ত্রাণ সাহায্যের তৃতীয় চালান বাংলাদেশে পৌঁছে।

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে-পাঠানো ইরানের ত্রাণ সাহায্যের মধ্যে ১৩০ ধরনের সাহায্য-সামগ্রী রয়েছে।  

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে হামলার অভিযোগ এনে রোহিঙ্গাদের গণহত্যা, নির্যাতন ও বিতাড়ন শুরু করে মিয়ানমার সামরিক বাহিনী এবং বৌদ্ধ জঙ্গিরা। 

আঞ্চলিক ও আন্তর্জাতিক দেশ ও সংস্থাগুলোর একের পর এক হুঁশিয়ারি সত্ত্বেও মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ হচ্ছে না। দেশটির সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদের হত্যা করে যাচ্ছে এবং বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গা শরণার্থীদের স্রোত অব্যাহত রয়েছে।

জাতিসংঘের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গত ২৫ আগস্টে শুরু-হওয়া সহিংসতার পর থেকে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। আর শরণার্থী শিবিরগুলোর অবস্থা শোচনীয়। #

পার্সটুডে/এমএএইচ/১৩