আপনারা অতিকায় ডাইনোসরে পরিণত হয়েছেন: কাদেরের প্রতি রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i50939-আপনারা_অতিকায়_ডাইনোসরে_পরিণত_হয়েছেন_কাদেরের_প্রতি_রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেছেন, "আপনারা অতিকায় ডাইনোসরে পরিণত হয়েছেন। এ কারণে অতি শিগগির প্রাণিকূল থেকে অবলুপ্ত হয়ে যাবেন।"
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ০৬, ২০১৮ ১২:৫৬ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেছেন, "আপনারা অতিকায় ডাইনোসরে পরিণত হয়েছেন। এ কারণে অতি শিগগির প্রাণিকূল থেকে অবলুপ্ত হয়ে যাবেন।"

আজ (শনিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দশম জাতীয় নির্বাচনের চতুর্থ বর্ষপূতি উপলক্ষে গতকাল এক আলোচনা সময় ওবায়দুল কাদের বলেছিলেন, এবারও বিএনপি নির্বাচন বর্জন করলে তাদের আরেকবার রাজনৈতিক আত্মহত্যা দিবস পালন করতে হবে। আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাদের অবস্থা বিরল প্রজাতির প্রাণির মতো হয়ে যাবে। নির্বাচনে বিএনপিকে আসতেই হবে, না আসলে বিএনপি মুসলিম লীগের মতো সংকুচিত হয়ে যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

তার এ মন্তব্যের জবাবে রুহুল কবির রিজভী বলেন, "অতি ক্ষমতা, অতি দম্ভ, অতি দুর্নীতি, অতি নিপীড়ন-নির্যাতন, অতি অস্ত্রের আস্ফালন এবং অতি মিথ্যাচারে আপনারা (আওয়ামী লীগ) নিজেরাই অতিকায় ডাইনোসরে পরিণত হয়েছেন।"

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ করে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, "আপনারা হাতে মৃত্যুর দণ্ডাজ্ঞা নিয়ে জনগণকে ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চান। কিন্তু বারবার সেই সুযোগ আপনাদের আসবে না। আপনারা চারিদিক থেকে যে চ্যালেঞ্জে পড়েছেন তা মোকাবিলা করার ক্ষমতা আপনাদের নেই।"

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আবারও অবৈধ পথে ক্ষমতায় যেতে ক্ষমতাসীনরা শেষ সময়ে নানা মতলব বাজী কথাবার্তা বলছেন।

তিনি বলেন, "বিনা ভোটের এই সরকারের বিদায়ের দিন গণনা শুরু হয়ে গেছে। ২০১৮ সাল হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার বছর। কলঙ্ক মোচনের বছর।"

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গতকাল শুক্রবার ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। কোনো কোনো স্থানে বাধা দিয়ে কালো পতাকা মিছিল পণ্ড করে দেওয়ার অপচেষ্টা করেছে। আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন শতাধিক বিএনপি নেতা কর্মী। পুলিশ গ্রেপ্তার করেছে অর্ধ শতাধিক নেতা কর্মীকে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এর আগে, শুক্রবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের জন্য ৫ জানুয়ারি সবচেয়ে কলঙ্কের দিন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলচনা সভায় ফখরুল বলেন, সবচেয়ে দুঃখ হচ্ছে, আওয়ামী লীগের মতো পার্টি আজকে কোন জায়গায় পৌঁছেছে। দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন করেছে যে পার্টি আজকে তাদের র‍্যাব, পুলিশ, বন্দুক দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।

বিএনপি নেতা বলেন, ফ্যাসিস্ট সরকারের সঙ্গে গণতান্ত্রিক শক্তির আন্দোলন সহজ নয়, আমাদের দীর্ঘ লড়াই করতে হবে। কোনো কিছুকে হালকা করে নেয়ার উপায় নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গ্রামগঞ্জে জাগরণ সৃষ্টি করতে হবে। একজোট হয়ে আন্দোলন করতে হবে, এর জন্য খালেদা জিয়ার বিকল্প নেই।

এদিকে,  ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যাদিবস’ পালন করতে না দেয়ার প্রতিবাদে আজ শনিবার ঢাকা মহানগরীর প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় পুলিশের অবস্থান রয়েছে। পাশাপাশি এপিসি, জলকামান ও প্রিজনভ্যানও রাখা হয়েছে।

আজকের বিক্ষোভ কর্মসূচিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৬