রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের বিশেষ ভূমিকা আশা করি: মায়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i57010-রোহিঙ্গা_সংকট_সমাধানে_ভারতের_বিশেষ_ভূমিকা_আশা_করি_মায়া
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ভারতের বিশেষ ভূমিকা প্রত্যাশা করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০৯, ২০১৮ ০৭:৫৭ Asia/Dhaka
  • মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
    মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ভারতের বিশেষ ভূমিকা প্রত্যাশা করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

আজ (বুধবার) সকালে চট্টগ্রাম বন্দরে রোহিঙ্গাদের জন্য ভারতের ত্রাণসামগ্রী গ্রহণকালে তিনি এ আশা প্রকাশ করেন। আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর হাতে ত্রাণ হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

এসময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “সাহায্য দিয়েই কিন্তু সমস্যার সমাধান হবে না। আমরা স্থায়ী সমাধান চাই। তার জন্য ভারতের বিশেষ ভূমিকা আমরা আশা করি। সাহায্যের চেয়ে বেশি প্রয়োজন মিয়ানমার থেকে আগত বাস্তুচ্যুত নাগরিকদের সসম্মানে ফিরিয়ে নেয়ার জন্য আন্তর্জাতিকভাবে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানাই।” 

তিনি আরও বলেন, “আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে মিয়ানমারকে তার নাগরিকদের সসম্মানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে চাই। ত্রাণের চেয়ে বেশি সাহায্য হবে তাদের ফেরত নিতে বাধ্য করা। হাইকমিশনারের মাধ্যমে ভারত সরকারকে অনুরোধ জানাই। মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে ফিরে যেতে হবে।”

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা

মন্ত্রী বলেন, মিয়ানমারের প্রায় ১২ লাখ নাগরিক বাংলাদেশে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দিক বিবেচনা করে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে।  বাংলাদেশের সরকার ও জনগণ অত্যন্ত কষ্ট করে তাদের বুকে টেনে নিয়েছেন। আশ্রয় দিয়েছেন। ভারতসহ অসংখ্য দেশ মানবিক জীবনযাপনে থাকা রোহিঙ্গাদের সাহায্য করেছেন। সে সব দেশকে অভিনন্দন জানাই। ভারত সরকার বিশেষ করে এখানে উপস্থিত ভারতীয় হাইকমিশনারের কাছে আমি কৃতজ্ঞ। তিনবার তারা সাহায্যের হাত বাড়িয়েছেন।

রোহিঙ্গা শরণার্থী

গত ৫ মে বিশাখাপত্তম বন্দর থেকে ত্রাণ নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘ঐরাবত’। গতকাল (মঙ্গলবার) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ ‍আবুল কালাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান প্রমুখ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৯