জামায়াত-বিএনপি সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে সরকার: মওদুদ
-
ব্যারিষ্টার মওদুদ আহমদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সরকার জামায়াত-বিএনপি সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে। জামায়াতের সঙ্গে বিএনপির জোট আছে, যা অতীতে ছিল এবং আগামীতেও থাকবে। আগামীতে সব দল মিলে সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি করা হবে।
আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি প্রসঙ্গে ব্যারিস্টার মওদুদ বলেন, আগে হয়েছে টাকা চুরি, এখন হলো সোনা চুরি। আমাকেসহ বিএনপি নেতাকর্মীদের ৫৪ ধারায় সন্দেহভাজন মামলা দেয়া হয়েছে সায়েদাবাদে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায়। অনেককে মাসের পর মাস আটকে রাখা হয়েছে জেলে। অথচ বাংলাদেশ ব্যাংকের টাকা পাচার, সোনা চুরির ঘটনায় কাউকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হলো না। তাতেই প্রমাণ হয়, সরকারের মদদপুষ্টরাই এর সঙ্গে জড়িত।
এ সময়, খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তি নিশ্চিত করতে হবে। এজন্য আমরা আইনি লড়াই চালিয়ে যাবো। কিন্তু এতে কাজ না হলে রাজপথে আন্দোলন করে নিশ্চিত করা হবে। এক্ষেত্রে সব দলকে নিয়ে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলবো।
এদিকে, সরকার দেশের উন্নয়ন করে থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কিসের, এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি আরও বলেন, উন্নয়ন করে থাকলে জনগণ তো আপনাদেরকেই ভোট দেবে। কিন্তু সরকার দলীয় নেতাকর্মীদের কথা শুনে মনে হচ্ছে, সরকার নার্ভাস। কারণ তারা অন্যায় ও দুর্নীতি করছে। আর যারা অন্যায় দুর্নীতি করে তাদের মানসিকতা এরকমই থাকে, এই বুঝি ক্ষমতা চলে গেলো।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী নবীণ দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রবীণ এ রাজনীতিক।
বিএনপির অস্তিত্ব থাকবে না, এমন ধারণা ভুল উল্লেখ করে ড. মঈন খান বলেন, সরকার যদি মনে করে থাকে খালেদা জিয়াকে জেলে রেখে পাতানো নির্বাচনের মাধ্যমে সংসদে গৃহপালিত বিরোধী দল তৈরি করবে; আমরা এবার সেটা হতে দেবো না।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২০