হাসিনা-গুতেরেস বৈঠক: বাংলাদেশের প্রতি জাতিসংঘের পূর্ণ সংহতি প্রকাশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i64639-হাসিনা_গুতেরেস_বৈঠক_বাংলাদেশের_প্রতি_জাতিসংঘের_পূর্ণ_সংহতি_প্রকাশ
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১৭:৩৪ Asia/Dhaka
  • শেখ হাসিনা ও অ্যান্তোনিও গুতেরেস
    শেখ হাসিনা ও অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক সাংবাদিকদের জানান, অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, “শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সমর্থন ও সব ধরনের সহযোগিতার কথা বলেছেন জাতিসংঘ মহাসিচব। বৈঠকে বাংলাদেশের প্রতি তার ভালোবাসার কথা তিনি তুলে ধরেছেন।”

শহীদুল হক সাংবাদিকদের আরও বলেন, “অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক হয়েছে তাদের আলোচনায় রোহিঙ্গা সঙ্কট এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা বিষয়গুলো গুরুত্ব পায়। মহাসচিব বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানবিক আচরণ অন্য অনেক দেশের রাষ্ট্রপ্রধানের জন্য রোল মডেল হতে পারে।”

রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলার সময় জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমার সরকারের যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে তাদের যথাযথ পুনর্বাসন শুরু করা উচিত।

শহীদুল হক বলেন, “বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সকলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে হবে বলেও আশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব।”

পরে, আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মৌরার জাতিসংঘ সদর দপ্তরে দ্বি-পাক্ষিক সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে আইসিআরসি কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যথাযথভাবে ফিরিয়ে নিয়ে তাদের পুনর্বাসনে দৃঢ় ভূমিকা পালন করতে এ সংস্থার প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮