বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু: ৩ আসনে প্রার্থী হবেন খালেদা জিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i65745-বিএনপির_মনোনয়নপত্র_বিক্রি_শুরু_৩_আসনে_প্রার্থী_হবেন_খালেদা_জিয়া
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করার মধ্যদিয়ে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আজ (সোমবার) বেলা ১১টার দিকে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে খালেদা জিয়ার জন্য তিনটি মনোনয়নপত্র কেনা হয়।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
নভেম্বর ১২, ২০১৮ ০৮:৪২ Asia/Dhaka
  • বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে মননোয়নপত্র সংগ্রহ করেন নজরুল ইসলাম খান
    বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে মননোয়নপত্র সংগ্রহ করেন নজরুল ইসলাম খান

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করার মধ্যদিয়ে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আজ (সোমবার) বেলা ১১টার দিকে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে খালেদা জিয়ার জন্য তিনটি মনোনয়নপত্র কেনা হয়।

খালেদা জিয়ার জন্য ফেনী-১ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বগুড়া-৭ আসনে স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনজনের হাতে ফরম তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এরপর মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও-১ আসনে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। 

এসময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কিছুই নেই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হব।

মির্জা ফখরুল বলেন, দেশের বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে বিদায় করার জন্যই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। এর মধ্যে দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনব।”

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন (ভিপি), যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনীর হোসেন, বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২