ইসি স্বাধীন হলে নির্বাচনের তারিখ এক মাস পেছাতো: কাদের সিদ্দিকী
https://parstoday.ir/bn/news/bangladesh-i65768-ইসি_স্বাধীন_হলে_নির্বাচনের_তারিখ_এক_মাস_পেছাতো_কাদের_সিদ্দিকী
নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন হলে ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচনের তারিখ এক মাস পেছাতো বলে দাবি করেছেন কৃষক-শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
নভেম্বর ১৩, ২০১৮ ১১:৩৯ Asia/Dhaka
  •  ইসি স্বাধীন হলে নির্বাচনের তারিখ এক মাস পেছাতো: কাদের সিদ্দিকী

নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন হলে ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচনের তারিখ এক মাস পেছাতো বলে দাবি করেছেন কৃষক-শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে জোটের শীর্ষ নেতাদের বৈঠক থেকে বের হওয়ার সময় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন ঠিকভাবে চলছে না বলে মন্তব্য করে তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন নির্বাচন সাত দিন পিছিয়েছে, সেটা অন্যায়। এটা তো সরকারের আহ্বান, বদরুদ্দোজা চৌধুরীর আহ্বান ছিল। আমরা তো এক মাস চেয়েছি। দেশের মানুষ এক মাস পেছানোর কথা বলেছে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব যা বলার বলবেন। আলাদা করে বলতে চাই না। তবু আপনারা যেহেতু জানতে চেয়েছেন, এতটুকু বলি, দেশ সম্পূর্ণ অনিয়মে চলছে। আমরা সেটা নিয়মে আনতে চাই।’

জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘প্রত্যেকটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া হয়। কিন্তু এই নির্বাচন কমিশন সেটা করেনি। সে জন্য আমার সন্দেহ হয়, প্রধান নির্বাচন কমিশনার ভালোভাবে নির্বাচন করতে পারবেন কি না। এই সন্দেহ এখনো মানুষের মধ্যে আছে। অনেকের ধারণা, সরকার ভোট নিয়ে যাবে। আমার ধারণা, সরকার ভোটে টিকতেই পারবে না।’

আরও পড়ুন: নির্বাচনের তারিখ পেছানোর আর কোনো সুযোগ নেই: সিইসি

চলমান রাজনীতি নিয়ে আলোচনা করতে আজ দুপুর ১২টায় ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শুরু হয়। চলে দেড়টা পর্যন্ত। ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩