নয়াপল্টনে হামলাকারীরা বিএনপির- ডিএমপি: পুলিশ-ছাত্রলীগকে দায়ী করলেন রিজভী
-
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, নয়া পল্টনে পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগকারীরা সবাই বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মী।
আজ (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আরো বলেন, নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই বিএনপি পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
তিনি দাবি করেন, হামলার মুখে আমাদের পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়েন।
কমিশনার আরও বলেন, ঘটনার পর্যবেক্ষণ করে ইতিমধ্যে আমরা ৩টি মামলা রুজু করেছি এবং ৬০ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ফুটেজ দেখে ৩০ জনকে সনাক্ত করা হয়েছে বাকীদের সনাক্ত করার কাজ অব্যাহত রয়েছে। মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য ডিএমপির গোয়েন্দা বিভাগ ও মতিঝিল ক্রাইম বিভাগের চৌকস অফিসারদের দায়িত্ব দেয়া হয়েছে।
পুলিশ নিরীহ নেতা-কর্মীদের ওপর গুলি চালায়: রিজভী
তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, বুধবার বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের একটি দল কার্যালয়ের দিকে আসার সময় অন্যায়ভাবে পুলিশ তাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এ ঘটনাটি পরিকল্পিত। এর পর পরই সরকার সমর্থিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ নিরীহ নেতা-কর্মীদের ওপর গুলি চালায়। এতে বিএনপির ৫০ নেতা-কর্মী আহত হন। এসময় তিনি হামলাকারীদের ছবিও গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীরা আসবেন এটা স্বাভাবিক। পুলিশ এসব নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। ইসিকে উদ্দেশে করে রিজভী বলেন তফসিলের পর কেন আক্রমণ। গণভবনের সামনে শোডাউন করলে আচরণ বিধি লঙ্ঘন হয় না? বিএনপি অফিসের সামনে নেতা-কর্মীরা এলে হামলা, গ্রেফতার কেন?
গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করে তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশের ওপর হামলা ও দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পল্টন থানায় এ মামলা তিনটি দায়ের হয়েছে বলে জানান ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। এসব মামলায় ইতোমধ্যে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন