নির্বাচন কমিশন আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i65864-নির্বাচন_কমিশন_আওয়ামী_লীগের_অফিসে_পরিণত_হয়েছে_রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনে সরকারি দলের লোকজনের অবাধ বিচরণ ঘটছে। নির্বাচন ভবন আজ আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নির্দেশেই পরিচালিত হচ্ছেন নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৬, ২০১৮ ১২:৪২ Asia/Dhaka
  • নির্বাচন কমিশন আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনে সরকারি দলের লোকজনের অবাধ বিচরণ ঘটছে। নির্বাচন ভবন আজ আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নির্দেশেই পরিচালিত হচ্ছেন নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী আহমেদ বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা ও প্রহসনমূলক নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন। তারা সরকারি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। সরকারি দল প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে না। বিরোধীদলকে আইন অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধাও দেয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরও মন্ত্রী-এমপিরা উদ্বোধন অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, বক্তব্য রাখছেন। পুরো নির্বাচন ব্যবস্থায় জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন না ঘটিয়ে বরং সরকারবিরোধীদের নানাভাবে কোণঠাসা করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করে রুহুল কবির রিজভী বলেন, কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান ছিল শান্তিপূর্ণ। কিন্তু পুলিশের গাড়িতে হেলমেট পরিহিতি ক্যাডারদের দিয়ে আগুন লাগিয়ে দোষ দেয়া হয় বিএনপির। এ ধরনের পরিকল্পিত নাশকতা আওয়ামী লীগ খুব ভালোভাবেই করতে পারে। আর এ হামলাকে কেন্দ্র করেই তারা বিএনপি নেতাদের গ্রেফতার করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও গ্রেফতারকৃতদেরকে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

বিএনপি কার্যালয়ে উপচেপড়া ভীড়

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ দিনে কেন্দ্রীয় কার্যালয়ে ছিল নেতাকর্মীদের উপচেপড়া ভীড়। নিজেদের কর্মী-সমর্থক সঙ্গে নিয়ে ফরম সংগ্রহ ও জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত ৪ হাজার ১১২টি ফরম বিক্রি করেছে দলটি। জমা পড়েছে ১ হাজার ২৫৫টি।

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার রোববার

এদিকে, জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী রোববার শুরু হবে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎকার নেয়া হবে। প্রথম দিনে রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেবেন। বাকিগুলো পরে জানিয়ে দেয়া হবে।

গত সোমবার থেকে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দুটি ফরম কেনার মধ্য দিয়ে শুরু হয় বিএনপির মনোনয়ন বিতরণ কার্যক্রম। মঙ্গলবার থেকে শুরু হয় ফরম জমা নেয়া।

নির্বাচন কমিশনে তফসিলের পর আটক বিএনপি নেতাকর্মীদের তালিকা

নির্বাচনের তফসিল ঘোষণার পর গ্রেফতার হওয়া ৪৭২ জন নেতাকর্মীর তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি। সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে এ সংক্রান্ত চিঠিসহ তালিকা জমা দিয়েছে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত এ চিঠিটি কমিশনে জমা দেন বিএনপির কেন্দ্রীয় মামলা তথ্য সংগ্রহকারী কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৬ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন