নির্বাচনে পক্ষপাতের অভিযোগ উঠলে শাস্তিমূলক ব্যবস্থা: ইসি শাহাদত হোসেন
-
বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার শাহাদত হোসেন
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী।
আজ (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে শাহাদত হোসেন বলেন, “এই নির্বাচন ও সকল নির্বাচনের জন্য নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, আপনারা প্রত্যেকে দল-মত নির্বিশেষে আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে। কারও বিরুদ্ধে যদি কোনো রকমের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া যায়, সেটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিরপেক্ষতার বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে এই নির্বাচন কমিশনার বলেন, “যেহেতু এবারের নির্বাচন একটি অংশগ্রহণমূলক নির্বাচন, তাই নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এই অংশগ্রহণমূলক নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য, প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায়, সেটি আপনাদের নিশ্চিত করতে হবে।”
শাহাদত হোসেন বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশবাসীর সাথে বিশ্বের প্রতিটা দেশ তাকিয়ে আছে সামনের নির্বাচনের দিকে।”
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রশিক্ষকদের যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণ করে নির্বাচনে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেয়ার অনুরোধ জানান তিনি।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের গ্রহণযোগ্য নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন ‘দৃঢ় প্রতিজ্ঞ’ উল্লেখ করে শাহাদত হোসেন বলেন, “এদেশের ভবিষ্যতের জন্য একটি সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রত্যাশিত একটি সরকার গঠিত হতে পারে, যারা এ দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।”
এদিকে, বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের করণীয় নিয়ে বেশ কিছু সুপারিশ উত্থাপন করা হয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের থিংক ট্যাংক টম ল্যান্টোস হিউম্যান রাইটস কমিশনে।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মিডিয়া ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে আক্রমণ করে বক্তব্য রাখেন সেখানে বাংলাদেশের এই সংকটে ভূমিকা আছে কংগ্রেসের।#
পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/১৭