নির্বাচনে ভারতের সাহায্য চেয়েছেন বিকল্পধারা মহাসচিব
https://parstoday.ir/bn/news/bangladesh-i65950-নির্বাচনে_ভারতের_সাহায্য_চেয়েছেন_বিকল্পধারা_মহাসচিব
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবেশী দেশ ভারতের ‘সাহায্য প্রয়োজন’ মনে করেছেন বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৯, ২০১৮ ১৫:৫২ Asia/Dhaka
  • বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান বক্তব্য দিচ্ছেন
    বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান বক্তব্য দিচ্ছেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবেশী দেশ ভারতের ‘সাহায্য প্রয়োজন’ মনে করেছেন বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান।

সোমবার দুপুরে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। বিকল্পধারার সভাপতি ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর আমন্ত্রণে তার বারিধারায় বাড়িতে সোমবার মধ্যাহ্ন ভোজে অংশ নেন ভারতের হাই কমিশনার শ্রিংলা। মধ্যাহ্ন ভোজে ভোজ শেষে বিকল্প ধারার নেতাদের সাথে  হাই কমিশনার শ্রিংলাও  সাংবাদিকদের মুখোমুখি হন।

এ সময় শ্রিংলা বলেন, “এটা একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। প্রথমবারের মতো বিকল্পধারার আমন্ত্রণে এসেছি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।”

বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান বলেন, “ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। নির্বাচনের আগে তাদের সাহায্য প্রয়োজন, সেখানে আমরা কিছুটা আলোচনা করে আসছি। ”তবে হাই কমিশনার শ্রিংলা বলেছেন, বাংলাদেশের নির্বাচনে তাদের জড়িত হওয়ার সুযোগ নেই।

নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “নির্বাচনের ব্যাপারে আমরা জড়িত নই কোনোভাবেই। বাংলাদেশের জনগণ ও এখানকার দলগুলোর ব্যাপার এটা। তবে নির্বাচনের আগে তাদের (বিকল্প ধারার) আদর্শ ও চিন্তা কেমন, তা জানতে চেয়েছিলাম।” বিকল্পধারার সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী বলেন, “নতুন প্রজন্মের জন্য নতুনত্ব ও ব্যতিক্রমী রাজনীতির কথা আমরা বলেছি। আমরা বলেছি, আমরা অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি।”

আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধার বিষয়ে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বলেন, “আদর্শিক ও গণতান্ত্রিক অবস্থানে থেকে গণতন্ত্র রক্ষার স্বার্থে আমাদের মহাজোটে যাওয়ার প্রক্রিয়া চলছে।”উল্লেখ্য, সাবেক রাষ্টপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে  অংশগ্রহনের  পরিকল্পনা করছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১৮