যেসব বিষয়ে পর্যবেক্ষকদের সাবধান থাকতে বললেন ইসি সচিব
-
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ
বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি দেশীয় সংস্থা পর্যবেক্ষণে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনও সংস্থা নীতিমালার বাইরে গিয়ে কিংবা নির্বাচন প্রশ্নবিদ্ধ করে, এমন কাজে লিপ্ত হলে নিবন্ধন বাতিল করা হবে।
আজ (মঙ্গলবার) নির্বাচন কমিশন সচিবালয়ে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনে ভোটের দিন কোনো পর্যবেক্ষক কোনো কথা বা মন্তব্য করতে পারবে না। তাদেরকে মূর্তির মতো থাকতে হবে। যত গণ্ডগোলই হোক না কেন, মিডিয়ার কাছে কোনো মতামত দিতে পারবেন না।
ইসি সচিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে নিবন্ধন বাতিল হয়। কারণ আপনাদের নিবন্ধন এনজিও ব্যুরোর কাছে। আমাদের প্রতিবেদন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ।'
তিনি আরও বলেন, ‘পর্যবেক্ষণ যারা করবেন, তাদের কয়েকটি বিষয়ে সাবধান থাকতে হবে। তা হচ্ছে- নির্বাচন কমিশনের কাছ থেকে যেটি পরিচয়পত্র দেয়া হবে, তারা যখন কেন্দ্র পর্যবেক্ষণে যাবেন, তখন সেটি সারাক্ষণ গলায় ঝুলিয়ে রাখতে হবে। কারণ যে কোনো সময় যে কোনো ব্যক্তি ওই স্থানে গেলে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, ম্যাজিস্ট্রেট, তারা যদি দেখতে চান, জানতে চান, তা হলে তারা যাতে বুঝতে পারেন, আপনি একজন পর্যবেক্ষক।’
ইসি সচিব বলেন, ‘পর্যবেক্ষকদের পরিচয়পত্র যাতে ভুয়া না হয়, এ জন্য আমরা অধিকতর সতর্কতা, নিরাপত্তার সঙ্গে এ কার্ডটি তৈরি করব। যাতে অন্যরা এটি নকল করতে না পারে।’
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘অনেক সাংবাদিক তাদের সামনে ক্যামেরা ধরবেন, উনি কিন্তু কথা বলতে পারবেন না। কোনও সংবাদ মাধ্যমে লাইভে কথা বলতে পারবেন না, কমেন্টস করতে পারবেন না। ব্রিটেনের পুলিশের মতো মূর্তির মতো দাঁড়িয়ে শুধু পর্যবেক্ষণ করবেন। আপনাদের কাছে লিখিত রিপোর্ট জমা দেওয়ার আগে কোনও মন্তব্য করবেন না। আপনারাও যখন কম্পাইল করে জমা দেবেন, তার আগে কোনও কমেন্টস করবেন না। রিপোর্ট কম্পাইল হলে প্রয়োজনে সংবাদ সম্মেলন করতে পারেন এবং আমাদের কাছে জমা দিতে পারেন। আপনাদের আচরণ হবে নিউট্রাল। এমন কোনও ব্যক্তিকে আপনারা নিয়োগ করবেন না, যিনি কোনও রাজনৈতিক দলের সদস্য। এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে।’
পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না জানিয়ে ইসি সচিব বলেন, “একটা কেন্দ্রে মোবাইল ফোন থাকবে দুইজনের কাছে। প্রিজাইডিং অফিসার ও পুলিশ ইনচার্জের কাছে।
পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে ছবি তুলতে, কোনো গোপন কক্ষে যেতে, কাউকে নির্দেশনা দিতে এবং প্রিজাইডিং, পোলিং অফিসারদের কোন পরামর্শ দিতে পারবেন না বলেও জানান ইসি সচিব।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০