স্কাইপ বন্ধ থাকায় অন্য অ্যাপে সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ায় তৃতীয় দিনের মতো বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন মনোনয়ন বোর্ডের সদস্যরা।
গত দু'দিন লন্ডন থেকে স্কাইপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকারে যোগ দিয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে গতকাল (সোমবার) বিকেল থেকে স্কাইপ বন্ধ থাকায় আজ অন্য এপ্লিকেশনের মাধ্যমে ভিডিও সাক্ষাৎকার অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
আজ (মঙ্গলবার) সাক্ষাৎকার দিয়ে বেরিয়ে মনোনয়নপ্রত্যাশীরা এ তথ্য জানিয়েছেন।
এর আগে সকাল ৯টার কিছু সময় পর থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। বেলা আড়াইটার পর কুমিল্লা ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। পরে সাক্ষাৎকার দিয়ে বেরিয়ে এসে ফেনী-৩ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবদুল লতিফ জনি বলেন, তারেক রহমান অন্য অ্যাপের ভিডিও কলের মাধ্যমে মনোনয়নপ্রার্থীদের সঙ্গে কথা বলছেন।
তিনি আরও বলেন, ‘পৃথিবীতে অনেক মাধ্যম আছে। পানির স্রোত যেভাবে আটকে রাখা যায় না, আমাদের এই আবেগ আটকে রাখবেন কীভাবে?’
বিএনপির সাংগঠনিক কাঠামো অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের আট জেলার ৩৬টি সংসদীয় আসন, কুমিল্লা বিভাগে তিন জেলার ২২টি আসন এবং সিলেট বিভাগে চার জেলার ১৯টি আসনের জন্য প্রায় ছয় শতাধিক প্রার্থীর এই সাক্ষাৎকারে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
মনোনয়ন বোর্ডে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মনোনয়নপ্রত্যাশীরা ছাড়াও দলের সংশ্লিষ্ট জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত রয়েছেন সাক্ষাৎকারে।
রোববার সাক্ষাৎকারের প্রথম দিন রংপুর ও রাজশাহী বিভাগ এবং সোমবার বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন বিএনপি পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা।
প্রথম দুদিন স্কাইপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার প্রক্রিয়ায় যোগ দিয়ে নতুন আলোচনার জন্ম দেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।
দুর্নীতির দুই মামলায় ১৭ বছর এবং ২১ অগাস্ট গ্রেনেড মামলায় যাবজ্জীবন সাজার রায় মাথায় নিয়ে লন্ডনে বসবাস করছেন তারেক রহমান। লন্ডন থেকে তারেক রহমান স্কাইপের সহায়তা এই সাক্ষাৎকার প্রক্রিয়ায় যোগ দেওয়ায় আওয়ামী লীগ নির্বাচন কমিশনে (ইসি) নালিশ করেছিল। কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়ে কিছু করতে অপারগতা প্রকাশ করলে সোমবার বিকেল থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশে স্কাইপ বন্ধ করে দেয়।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন