ধানের শীষের জোয়ারে আ.লীগ নির্বাচন থেকে সরে যেতে পারে: মওদুদ
-
বিএনপি নেতা ব্যারিষ্টার মওদুদ আহমদ
বাংলাদেশে ধানের শীষের গণজোয়ারে আসন্ন জাতীয় নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী দেখে আওয়ামী লীগ নিজেই নির্বাচন থেকে সরে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গেই সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। সরকার বুঝতে পেরেছে, ধানের শীষের জোয়ার উঠলে নৌকা অনেক দ্রুত ভেসে চলে যাবে। এই জিনিসটা তারা হৃদয়ঙ্গম করতে পেরেছে।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ব্যারিস্টার মওদুদ।
পরাজয়ের ভয় থেকেই দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় চলছে দাবি করে তিনি বলেন, পরাজয়ের আশঙ্কা না থাকলে এমনটা করার কথা নয়। কেন তারা এখনও গ্রেপ্তার করবে?
ব্যারিস্টার মওদুদ বলেন, তফসিল ঘোষণার পরও প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের বদলে সরকারের হাতে। যেকোনোভাবে ক্ষমতায় থাকতে হবে, সরকারের এ লক্ষ্য নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করছে। কিন্তু ধানের শীষের জোয়ার ঠেকাতে সরকারের কোনো নীলনকশাই কাজে আসবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণকে বুঝতে হবে এবারই ভোট দেয়ার শেষ সুযোগ। আপনারা আর সুযোগ পাবেননা। তাই ভোট দেয়ার সময় কেউ যদি বাধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে তাকেও ভোট দিতে বাধা দিতে হবে। আমার ভোট আমি দেবো, লড়াই করে দেবো-এই স্লোগানে এগিয়ে যেতে হবে।
ইসির বক্তব্য দলবাজ নেতাদের আরও বেপরোয়া করে তুলবে: রিজভী
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, একদিকে আওয়ামী লীগ নির্বাচনী প্রচার চালাচ্ছে, অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের এলাকায় যেতে বাধা দিচ্ছে পুলিশ ও আওয়ামী লীগ। ঘরোয়া বৈঠকেও চলছে সশস্ত্র হামলা। বিএনপি ঘরের ভেতর সভা করতে না পারলেও আওয়ামী লীগ নির্বাচন কমিশনের চোখের সামনে বড় বড় সমাবেশ করছে; নৌকার পক্ষে প্রচার চালাচ্ছে।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি নাকচ করায় সিইসির সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, কোনো কর্মকর্তাকে বদলি করা হবে না বলে জানিয়েছেন সিইসি। বিরোধী দলগুলোর পক্ষ থেকে বিতর্কিতদের সরানোর আহ্বানের বিপরীতে তার এ ধরনের বক্তব্য, দলবাজ কর্মকর্তাদের আরো বেপরোয়া করে তুলবে।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২৩
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন