৬ আসনের সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে: ইসি সচিব
https://parstoday.ir/bn/news/bangladesh-i66079-৬_আসনের_সব_কেন্দ্রে_ইভিএম_ব্যবহার_করা_হবে_ইসি_সচিব
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয় আসনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২৪, ২০১৮ ১৫:৫১ Asia/Dhaka
  • (মাঝে) ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
    (মাঝে) ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয় আসনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ (শনিবার) বিকেলে নিজ কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ছয় আসনের সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হলেও কোন কোন কেন্দ্রে ব্যবহার করা হবে তা এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আসনগুলো শহর অঞ্চলে হবে।

ইসি সচিব জানা, নির্বাচনী কেন্দ্রগুলো বাছাই করা হবে দ্বৈবচয়নের মাধ্যমে। ২৮ নভেম্বর কোন কোন আসনে ইভিএম ব্যবহার করা হবে তা জানানো হবে।

 ইলেকট্রনিক ভোটিং মেশিন

তফসিল ঘোষণার সময় সিইসি কে এম নূরুল হুদা বলেছিলেন, শহরাঞ্চলে ‘অল্প’ কয়েকটি কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে। শুক্রবারের এক অনুষ্ঠানেও তিনি বলেছিলেন, “আমরা ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব। একেবারে সীমিত আকারে ব্যবহার করতে হবে। অথবা কয়েকটি আসনের কিছু সংখ্যক কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে।”

তবে শেষ পর্যন্ত দৃশ্যত বড় পরিসরেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ইভিএমের পক্ষে অবস্থান জানালেও বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট এর তীব্র বিরোধিতা করে আসছে। ইভিএম ব্যবহার বাংলাদেশের সংবিধান পরিপন্থী উল্লেখ করে তা ব্যবহার করলে সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন