তাবলিগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত দুই শতাধিক
https://parstoday.ir/bn/news/bangladesh-i66249-তাবলিগের_দুই_পক্ষের_সংঘর্ষে_নিহত_১_আহত_দুই_শতাধিক
বাংলাদেশের গাজীপুরের টঙ্গীতে জোড় ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৮ ১১:৫২ Asia/Dhaka
  • আহত এক মুসল্লিকে হাসপাতালে নেয়া হচ্ছে
    আহত এক মুসল্লিকে হাসপাতালে নেয়া হচ্ছে

বাংলাদেশের গাজীপুরের টঙ্গীতে জোড় ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক একেএম কাওসার চৌধুরী জানান, সংঘর্ষের মধ্যে ইসমাইল মণ্ডল (৭০) নামে মুন্সীগঞ্জ থেকে আসা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আজ (শনিবার) ভোর সাড়ে ৫টায় টঙ্গীতে ইজতেমা ময়দানের ১ নম্বর প্রবেশফটকে দিল্লি মারকাজের মাওলানা সাদ কান্ধলভী ও দেওবন্দপন্থি মাওলানা জুবায়েরপন্থী তাবলিগ জামাতের মুসল্লিদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে দুই শতাধিক ব্যক্তি আহত হন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের টঙ্গী সরকারি হাসপাতাল ও উত্তরার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও সাঁজোয়া যান মোতায়েন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিল্লি মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীরা পাঁচ দিনের জোড় ইজতেমা করার ঘোষণা দিলে দেওবন্দপন্থি মাওলানা জুবায়েরের অনুসারীরা  কয়েকদিন আগে ইতজেমা মাঠ দখল করে আশপাশে পাহারা বসায়। এ অবস্থায় মাওলানা সাদের অনুসারীরা শুক্রবার ময়দানে ঢুকতে না পেরে আশপাশের মসজিদে অবস্থান নেন। আজ (শনিবার) ভোর থেকে সাদের অনুসারী শত শত মানুষ ঢাকার দিক থেকে টঙ্গীর পথে রওনা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিমানবন্দর সড়কসহ টঙ্গীর পথের বিভিন্ন স্থানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে বিমানবন্দর সড়কের একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে কামারপাড়া থেকে একদল মুসল্লি লাঠিসোঁটা হাতে ইজতেমা ময়দানের ১ নম্বর প্রবেশদ্বারে প্রতিপক্ষের অনুসারীদের ওপর হামলা চালান। মুহূর্তের মধ্যে স্থানটি রণক্ষেত্রে পরিণত হয়। আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলার পর পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। এখন দুই পক্ষকে একে অপরের থেকে নিরাপদ দূরত্বে রেখেছে পুলিশ।

এদিকে, তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের কারণে সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ  বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে অনেক যাত্রীই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নির্ধারিত ফ্লাইট ধরতে পারছেন না। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কিছু এয়ারলাইনসের ফ্লাইট দেরিতে ছাড়লেও সব যাত্রী উপস্থিত হতে পারছেন না বলে জানা গেছে।

বিমানবন্দরের এয়ারট্রাফিক কনট্রোল টাওয়ারে দায়িত্বপ্রাপ্ত সিভিল এভিয়েশন অথরিটির কর্মকর্তা মো. জাকির জানান, যানজটে আটকা পড়া ৮-১০ জন যাত্রী তাদেরকে ফোন করে ফ্লাইট বিলম্ব করার জন্য অনুরোধ করেছেন।

আহত একজনকে নিয়ে যাচ্ছেন সতীর্থরা

তাবলিগ জামাতের দুই পক্ষের বিরোধিতার কারণে আসছে বছরের বিশ্ব ইজতেমা স্থগিত ঘোষণা করে সরকার। ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষ ছাড়াও পুলিশের আইজি, ধর্মসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা হওয়ার কথা ছিল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১