ইসির আচরণে আনফ্রেলের উদ্বেগ, সিইসির বৈঠক বর্জন করল ঐক্যফ্রন্ট
https://parstoday.ir/bn/news/bangladesh-i66830-ইসির_আচরণে_আনফ্রেলের_উদ্বেগ_সিইসির_বৈঠক_বর্জন_করল_ঐক্যফ্রন্ট
আসন্ন জাতীয় নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের প্রতি নির্বাচন কমিশনের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)। এর প্রেক্ষিতে নির্বাচনী পর্যবেক্ষণ মিশন বাতিল করার পাশাপাশি আনফ্রেল আসন্ন নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। একই সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৮ ১৪:০৫ Asia/Dhaka

আসন্ন জাতীয় নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের প্রতি নির্বাচন কমিশনের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)। এর প্রেক্ষিতে নির্বাচনী পর্যবেক্ষণ মিশন বাতিল করার পাশাপাশি আনফ্রেল আসন্ন নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। একই সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছে।

রোববার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি বিশেষ করে, বিরোধী নেতাকর্মীদের ঢালাও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তাদেরই অর্থায়নে আনফ্রেলের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করার কথা ছিল। কিন্তু যথাসময়ে ভিসা ও পর্যবেক্ষণের অনুমতি না মেলায় আনফ্রেল তাদের পর্যবেক্ষণ মিশন বাতিল করেছে। 

সংগঠনটি বলেছে, বিদেশি পর্যবেক্ষকদের অনুপস্থিতিতে নির্বাচন মূল্যায়নের পুরো দায়ভার সুশীল সমাজ ও স্থানীয় পর্যবেক্ষকদের ওপর পড়েছে। কিন্তু তারা তীব্র দমনমূলক রাজনৈতিক পরিবেশে কার্যক্রম চালাচ্ছে। এই পরিবেশ পর্যবেক্ষকদের অবাধ কার্যক্রম পরিচালনার জন্য সহায়ক নয়।

নির্বাচন কমিশনের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক (ফাইল ফটো)

সিইসির আচরণে ক্ষুব্ধ হয়ে ঐক্যফ্রন্টের বৈঠক বর্জন

এদিকে, নির্বাচনী পরিবেশ নিয়ে আজ নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনারের আচরণে ক্ষুব্ধ হয়ে ঐক্যফ্রন্ট নেতারা বৈঠক বর্জন করে বেরিয়ে যান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফকরুল জানান, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। নির্বাচন কমিশন ও সরকার যৌথভাবে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে।

এর আগে, গত রাতেই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে, ‘পুলিশের গ্রেফতার-তাণ্ডব ও আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর এলাকার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের ২৫ ডিসেম্বরের পথসভার কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

ওবায়দুল কাদের

বিএনপি সন্ত্রাসের পাঁয়তারা করছে: কাদের

তবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা বেগমগঞ্জে আজ এক জনসভায় বলেছেন, নির্বাচনে পরাজয় টের পেয়ে বিএনপি সন্ত্রাসের পাঁয়তারা করছে। বিরোধীদের উসকানিতে পা না দেবার জন্য তিনি দলের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান।

এছাড়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান আজ দলীয় নেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলেন অনুরূপ অভিযোগ করেছেন।

জামায়াত-শিবির আখ্যা দিয়ে হাতপাখার কর্মীদের হয়রানির অভিযোগ

এর আগে, ইসলামী আন্দোলন অভিযোগ করেছে, দেশের বিভিন্ন সংসদীয় এলাকায় তাদের হাতপাখা মার্কার প্রার্থীদের কর্মী সমর্থকদের জামায়াত-শিবির আখ্যায়িত করে মামলা, গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। তাছাড়া, প্রার্থীতা প্রত্যাহারের হুমকি, পোস্টার লাগাতে বাধা প্রদান ও পোস্টার জ্বালিয়ে দেয়া, নির্বাচনী ক্যাম্প ও মাইক ভাঙচুর করার প্রতিবাদে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে দলটি।

গতকাল বিকেলে দলের যুগ্ম-মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে সিইসির কাছে এ অভিযোগপত্র দিয়েছেন।

ইসলামী আন্দোলন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলের সমান সুযোগ নিশ্চিত করা, হামলা ভাংচুরের ঘটনা তদন্ত এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করে জনগণের প্রত্যাশা পূরণের দাবি করেছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন