বিএনপি প্রার্থীদের রক্তাক্ত করেছে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i66834-বিএনপি_প্রার্থীদের_রক্তাক্ত_করেছে_আওয়ামী_সন্ত্রাসী_ও_পুলিশ_রিজভী
একাদশ সংসদ নির্বাচনে সেনাবাহিনী মাঠে নামার প্রথম দিনেই গতকাল (সোমবার)  দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের প্রচার ও সমাবেশে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৮ ১৫:৩৬ Asia/Dhaka
  • গয়েশ্বর চন্দ্র রায় আহত
    গয়েশ্বর চন্দ্র রায় আহত

একাদশ সংসদ নির্বাচনে সেনাবাহিনী মাঠে নামার প্রথম দিনেই গতকাল (সোমবার)  দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের প্রচার ও সমাবেশে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি।  

আজ (মঙ্গলবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব হামলার বিবরণ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, হামলা করে গুলি করে বিএনপি প্রার্থীদের রক্তাক্ত করেছে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, তফসিল ঘোষণার পর এ পর্যন্ত ৭২১ জনকে গ্রেফতার এবং ২৭৩টি মামলা দেয়া হয়েছে।

রিজভী বলেন, গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতা মওদুদ আহমদের গাড়িতে ভয়ঙ্কর হামলা করা হয়েছে। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান। ড. মঈন খানের ওপরও গতকাল সশস্ত্র হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের ওপর আবারও হামলা করা হয়েছে। ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ওপর হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামান ও শরীফুল আলমের ওপর পুলিশ গুলি চালিয়েছে।

রুহুল কবির রিজভী

তিনি বলেন, শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর প্রচারে সশস্ত্র হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। তার অবস্থা গুরুতর। এছাড়া শেরপুরে ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার ওপর হামলা করা হয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। বরিশালে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু হামলায় আহত হয়েছেন।

বিএনপির মুখপাত্র বলেন, গতকাল আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক, ফজলুল আজিম, শাহ মোয়াজ্জেম হোসেন, সেলিম রেজা হাবিব, আজহারুল ইসলাম মান্নান ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী হাসিনা আহমেদ অবরুদ্ধ হয়ে আছেন। সন্ত্রাসীরা গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। গতকাল রাতে সপরিবারে মিজানুর রহমান সিনহা হামলার শিকার হয়েছেন। এ ছাড়া হামলায় খাগড়াছড়িতে ব্রাশফায়ারে মারা গেছেন দুই ব্যক্তি।

রিজভী বলেন, ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মঙ্গলবার সকালে নির্বাচনী গণসংযোগে বের হলে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা করেছেন। তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।

মেজর (অব.) আখতারুজ্জামান আহত

এদিকে, ঢাকার কেরানীগঞ্জে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে।

আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার পরিচর্যা হাসপাতালের সামনে এই হামলা হয়। এসময় গয়েশ্বর নিজেই রক্তাক্ত হয়েছেন বলে দাবি করেছেন তার দলের নেতাকর্মীরা।

এ বিষয়ে রিজভী  জানান, মঙ্গলবার সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় ঢাকা-৩ আসনের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বের হন ওই আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। প্রচারণাকালে তার ওপর লাঠি-শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে প্রার্থী গয়েশ্বর চন্দ্রসহ তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক আহত হয়েছেন। পরে আহতাবস্থায় তাকে রাজধানীর বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সেখানেই তার এবং আহত কর্মীদের চিকিৎসা চলছে বলেও জানান রিজভী।

অন্যদিকে, এবারের নির্বাচনী সহিংসতায় নতুন মাত্রা যুক্ত করে সর্বশেষ ঘটনায় আজ দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য দিদারুল আলমের একটি প্রচারণা মিছিলে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আওয়ামী লীগের চার নেতাকর্মী দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন