জামায়াতে ইসলামীর ২৫ প্রার্থীকে অযোগ্য ঘোষণার দাবিতে হাইকোর্টে আবেদন
https://parstoday.ir/bn/news/bangladesh-i66850-জামায়াতে_ইসলামীর_২৫_প্রার্থীকে_অযোগ্য_ঘোষণার_দাবিতে_হাইকোর্টে_আবেদন
নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বৈধ করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করা হয়েছে। তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. আলী হোসেন, মো. এমদাদুল হক ও হুমায়ুন কবিরের পক্ষে আজ (বুধবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার তানিয়া আমীর।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৮ ০৯:০১ Asia/Dhaka
  • জামায়াতে ইসলামীর ২৫ প্রার্থীকে অযোগ্য ঘোষণার দাবিতে হাইকোর্টে আবেদন

নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বৈধ করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করা হয়েছে। তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. আলী হোসেন, মো. এমদাদুল হক ও হুমায়ুন কবিরের পক্ষে আজ (বুধবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার তানিয়া আমীর।

একইসঙ্গে রিট আবেদনটি আদালতে উপস্থাপন (মেনশন) করার পর এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল (বৃহস্পতিবার) দিন ধার্য করেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ।

রিট দায়েরের পরে ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, ‘জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ২০০৯ সালে রিট করা হয়। পরে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। ওই রায়ে বলা হয়, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) এবং ৯০সি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধান পরিপন্থি। রায় এখনও বহাল।’

বাংলাদেশ হাইকোর্ট

তিনি আরও বলেন, ‘যেহেতু জামায়াতের নিবন্ধন নেই, সেহেতু ওই দলের কোনও নেতা নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারছেন না। অন্য দলের প্রতীকেও তাদের ভোটে অংশ নেয়ার সুযোগ নেই। এরপরও জামায়াতের নেতাদের ধানের শীষ প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে ইসি হাইকোর্টের রায় ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বিভিন্ন বিধির সঙ্গে প্রতারণা করেছেন।’

এর আগেও তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল রেজাউল হক চাঁদপুরীসহ ৪ জন নিবন্ধন হারানো বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২ নেতাকে ধানের শীষ প্রতীকে ও স্বতন্ত্র ৩জনের নির্বাচনে সুযোগ দেওয়ার বৈধতার বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানানো হয়। কিন্তু সে আবেদনের ওপর কোনও সাড়া না পেয়ে জামায়াত নেতাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

রিটে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, জামায়াতের কেন্দ্রীয় আমির, সেক্রেটারি জেনারেল ও মনোনীত ২৫ প্রার্থীসহ মোট ২৯ জনকে বিবাদী করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে জামায়াতের মোট ২৫ নেতার প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনে করা রিটকারীদের আবেদন তিন দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে গত ১৮ ডিসেম্বর বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এরপর রোববার (২৩ ডিসেম্বর) বৈঠক জামায়াতের ২৫ নেতার প্রার্থিতা বাতিলের বিষয়ে কোনো আইনগত কোনো সুযোগ নেই বলে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাই দলটির প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা থাকছে না বলেও জানিয়েছিল ইসি।

ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী স্ত্রীসহ গ্রেপ্তার

এদিকে, (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান এবং তার স্ত্রী নাজমা রহমানকে আজ ভোরে ঢাকার রায়ের বাজার এলাকায় তার মেয়ের বাসা থেকে  গ্রেপ্তার করেছে পুলিশ। 

অধ্যাপক মতিয়ার রহমান ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও জীবননগর বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক। 

গ্রেপ্তারের কথা স্বীকার করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, মতিয়ার রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে নাশকতাসহ অনেকগুলো মামলা রয়েছে। ঝিনাইদহ পুলিশের বিশেষ শাখা থেকে বলা হয়েছে, জেলার মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলাসহ ২৭ টি মামলা রয়েছে মতিয়ার রহমানের বিরুদ্ধে। দীর্ঘ সময় মোবাইল ট্রাকিংয়ের পর ঢাকার রায়ের বাজার এলাকায় তার মেয়ের বাড়ি থেকে আজ ভোরে স্ত্রীসহ অধ্যাপক মতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশের দাবি, তার কাছ থেকে পুলিশ ২ টি ল্যাপটপ ও ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সব মোবাইল তিনি নাশকতার কাজে ব্যবহার করতেন বলেও দাবি পুলিশের। তাকে ঝিনাইদহে আনার প্রক্রিয়া চলছে বলেও পুলিশের সুত্রটি জানান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/২৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন