বিএনপি ইতোমধ্যে তাদের পরাজয় বুঝতে পেরেছে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i66890-বিএনপি_ইতোমধ্যে_তাদের_পরাজয়_বুঝতে_পেরেছে_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ৩০ ডিসেম্বরের আসন্ন নির্বাচনে তাদের পরাজয় বুঝতে পেরেছে এবং নির্বাচনের আগে তারা নাশকতা করতে পারে। তিনি বিএনপি ও এর সহযোগীদের নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৮ ২০:১৪ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ৩০ ডিসেম্বরের আসন্ন নির্বাচনে তাদের পরাজয় বুঝতে পেরেছে এবং নির্বাচনের আগে তারা নাশকতা করতে পারে। তিনি বিএনপি ও এর সহযোগীদের নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) বিকেলে ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, পাবনা ও পঞ্চগড়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, বিএনপি ইতোমধ্যেই আসন্ন নির্বাচনে তাদের পরাজয় বুঝতে পেরেছে। ফলে, তারা যে কোন দুর্ঘটনা ঘটাতে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালাতে পারে।

তিনি বলেন, বিএনপি ইতিমধ্যে পাঁচজন আওয়ামী লীগ নেতাকে হত্যা, ১৪১জনকে আহত করেছে, আওয়ামী লীগের ১৭০টি নির্বাচনী কার্যালয় ও বসতবাড়িতে হামলা এবং ৫৪টি জায়গায় বোমা হামলা চালিয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর দলের নেতা-কর্মীদেরকে বিএনপির নির্বাচনী প্রচারণায় বাধা না দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই সকল রাজনৈতিকদল নির্বাচনে অংশগ্রহ করুক। এটা তাদের অধিকার এবং জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোট দিবেন। তাই আমরা চাই সকল রাজনৈতিকদল অবাধে ও সাবলীলভাবে তাদের নির্বাচনী প্রচারণা করুক।

শেখ হাসিনা বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ম্যান্ডেট চাওয়ার আগে বিএনপিকে তার চরিত্র পরিবর্তন করতে হবে। তাদেরকে (বিএনপি) জনগণের ক্ষতি, হত্যাকাণ্ড, সন্ত্রাসবাদ এবং জঙ্গীবাদের সমর্থন অবশ্যই বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।

বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে রায় দিবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয় নিশ্চিত করতে জনগণ নৌকা প্রতীকে ভোট দিবেন।

এর আগে, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট জেলার জনগণের কাছে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ৩০ ডিসেম্বরের নির্বাচনে তাদেরকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর বক্তৃতার আগে গত ১০ বছরে বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতিসমূহ দর্শকদের সামনে বড় পর্দায় উপস্থাপন করা হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন