একাদশ জাতীয় নির্বাচনে সহিংসতায় নিহত ১৬, ভোট বর্জন অর্ধশত প্রার্থীর
-
নারী ভোটারদের লম্বা সারি
দেশজুড়ে বিক্ষিপ্ত সহিংসতা, অন্তত: ১৬ জনের প্রাণহানি এবং অর্ধশত প্রার্থীর ভোট বর্জনসহ নানা অনিয়ম অভিযোগের মধ্যেই আজ (রোববার) শেষ হয়েছে বাংলাদেশের বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন সব কেন্দ্রে চলছে ভোট গণনা।
সকাল ৮টা থেকে সারাদেশের সব আসনের সব ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ পর্ব। এরই মধ্যে বিভিন্ন জেলায় ভোট গ্রহণের আগের রাত থেকে ভোট চলাকালে নির্বাচনী সহিংসতায় অন্তত ১৬ জন নিহত হবার খবর পাওয়া গেছে। তাছাড়া, নির্বাচন চলাকালে একজন বিরোধী প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগ ও একজনের গাড়ীতে হামলার খবর পাওয়া গেছে।
এদিকে, রাজধানীর আর একটি কেন্দ্রে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাজনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আমার বিশ্বাস, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শক্তির জয় হবে। স্বাধীনতার পক্ষের জয় হবে। উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার জন্য নৌকা মার্কার ভোট দেবে। আমি জানি বাংলার জনগণ আমাদের বেছে নেবে। নৌকার জয় হবেই হবে।’
রাজধানীতে অপর একটি কেন্দ্রে ভোট দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বলেছেন, সারা দেশে নানা অনিয়মের খবর আসছে। রাতেই বাক্স বোঝাই করা হয়েছে। বিরোধী প্রার্থীদের এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দেয়া হয়েছে।
এদিকে, আওয়ামী লীগের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখলসহ বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিদ্রোহীসহ প্রায় অর্ধশত প্রার্থী। তবে ঢাকার কয়েকটি কেন্দ্র পর্যবেক্ষণ করে ভোটের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি দু’জন পর্যবেক্ষক।
কানাডা থেকে আগত একজন মহিলা পর্যবেক্ষক বলেন, ‘আমরা কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং দেখেছি ভোটাররা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যেতে পারছে। তবে দিনের শেষে বলা যাবে নির্বাচন কতটা সুষ্ঠ শান্তিপূর্ণ হয়েছে।
ভারতের পর্যবেক্ষক গৌতম ঘোষ বলেছেন, ‘স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে। জনগণ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে এবং প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে।’ তিনি বলেন, ‘চারদিকে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং আমি মনে করি, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মতো চলছে।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩০
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন