আমরা খুবই তৃপ্ত ও সন্তুষ্ট, লজ্জা পাওয়ার কিছু নেই: সিইসি
-
কেএম নুরুল হুদা
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, "জনগণ যেভাবে ভোট দিয়েছে, সেভাবেই ভোট হয়েছে। এটাতো আমাদের কিছুই না। আমরা নতুনভাবে আর নির্বাচন করবো না। আমরা নির্বাচন যেভাবে করেছি, তারপর আর নির্বাচন করার সুযোগ নেই। তাছাড়া নির্বাচন নিয়ে কারও লজ্জা পাওয়ারও কিছু নেই।"
আজ (সোমবার) বিকেল ৩টায় নির্বাচন কমিশন মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, "ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ব্যাপক ভোটারের অংশগ্রহণের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। জাতি কতোটা ভোট উৎসবে মেতেছিল, কেবল দেশি নয়, বিদেশি গণমাধ্যমেও তা আমরা দেখেছি। আমরা সারাদিন মিডিয়ায় দেখেছি, কোথাও কোনো অনিয়মের অভিযোগ আমরা দেখিনি।"
এসময় এক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, "যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে আমরা খুবই তৃপ্ত, সন্তুষ্ট এবং আশাবাদী। অনিয়মের অভিযোগ বানোয়াট।"
তিনি বলেন, "প্রিজাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সারাদেশের ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে ১৪ জনের প্রাণ ঝরেছে। তবে নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।"
সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে নুরুল হুদা বলেন, "নির্বাচন কমিশনের একার প্রচেষ্টায় এই কর্মযজ্ঞ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করা সম্ভব নয়। আপনাদের সবার অংশগ্রহণে এটা সম্ভব হয়েছে। সবাই যেভাবে সহায়তা করেছে, তাতে আমরা ধন্য। এই ভোটে যারা অংশ নিয়েছেন এবং সহায়তা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।"
এই নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হবে, তাদের নেতৃত্বে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি।
কেএম নুরুল হুদা জানান, সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসবে সারাদেশে প্রায় ১০ কোটি ৪১ লাখ ভোটার অংশগ্রহণ করেছেন। আর ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
গতকাল অনুষ্ঠিত ২৯৯টির মধ্যে ২৯৮টির ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৫৯টি আসনে পেয়েছে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। আর তাদের নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন। এর বিপরীতে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়েছে। তাদের ধানের শীষের প্রার্থীরা মাত্র সাতটি আসনে জয়ী হতে পেরেছে। ইতোমধ্যে ভোটের ফল প্রত্যাখ্যান করে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন