'বাংলাদেশের নির্বাচনে অনিয়ম-সহিংসতার বিষয়ে অবগত জাতিসংঘ'
-
ফারহান হক
বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, সহিংসতা ও প্রাণহানি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে জাতিসংঘ। ৩১ ডিসেম্বর ‘পিস অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক জাতিসংঘের মুখপাত্রের অফিস থেকে দেয়া বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
সোমবার এক লিখিত প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, “বাংলাদেশের জাতীয় নির্বাচন সংঘটিত অনিয়ম আর সহিংসতার ঘটনাগুলো সম্পর্কে অবগত আছে জাতিসংঘ। নির্বাচনী প্রচারণা আর নির্বাচনের দিন সহিংসতায় যেসকল প্রার্থী এবং ভোটার হতাহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।”
জনগণের সমাবেশ এবং মতপ্রকাশে কোনো প্রকার বাধা না দেয়ার আহ্বান জানিয়ে আন্থোনিও গুতেরেসে'র এই মুখপাত্র বলেন, “১০ বছর পর নির্বাচনে অংশ নেয়ায় বিরোধীদলগুলোকে স্বাগত জানাচ্ছে জাতিসংঘ। জনগণ যেন নির্বাচনের পরও স্বাধীনভাবে সমাবেশ এবং মতপ্রকাশ করতে পারে সে সুযোগ নিশ্চত করতে এবং সংযত থাকতে সবপক্ষকে আহ্বান জানাই।”
নির্বাচনে অনিয়মের অভিযোগ আইনিভাবে সমাধানের তাগিদ দিয়ে এই মুখপাত্র বলেন, “শান্তিপূর্ণ পন্থায় এবং আইনি প্রক্রিয়া অবলম্বন করে নির্বাচনে ঘটে যাওয়া অনিয়মের বিষয়গুলো সমাধান করতে সকল দলকে আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। জনসাধারণ ও তাদের সহায় সম্পদের উপর হামলা বা সংহিসতা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।”
গণমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি টানা তৃতীয়বার নির্বাচিত হলেন। তবে বিরোধীরা জালিয়াতির ভোট আখ্যা দিয়ে এ ফলকে প্রত্যাখ্যান করেছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন