বাংলাদেশে নবনির্বাচিত এমপিদের শপথ কাল
https://parstoday.ir/bn/news/bangladesh-i67045-বাংলাদেশে_নবনির্বাচিত_এমপিদের_শপথ_কাল
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ০২, ২০১৯ ১৪:২৪ Asia/Dhaka
  • জাতীয় সংসদ
    জাতীয় সংসদ

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে মঙ্গলবার রাতে নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের পরই এমপিদের শপথের প্রক্রিয়া শুরু হয়।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের নিচতলার ‘শপথ কক্ষে’ নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন। তার আগে তিনি নিজে আইনসভার সদস্য হিসেবে শপথ নেবেন।

রীতি অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সদস্যরাই প্রথমে শপথ নেবেন। এরপর ক্রমানুসারে শপথ নেবেন অন্যরা।

এদিকে, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, জাতীয় সংসদের অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে নির্বাচিত কোনো সদস্য শপথ গ্রহণ না করলে সেই আসনকে শূণ্য ঘোষণা করবে সংসদ সচিবালয়। বিএনপির নির্বাচিত ৫ জন সদস্য শপথ নেবেন না- এমন ঘোষণার পরিপ্রক্ষিতে তিনি আজ এ কথা বলেন।

অপরদিকে,  ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সদস্যদের মাথা গরম না করে ইতিবাচক রাজনীতির জন্য শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এ সময় নির্বাচনে গণমাধ্যমের সমর্থনকে প্রশংসা করেন ১৪ দলের মুখপাত্র বলেন, ‘আপনারা আমাদের সমর্থন করেছেন, সমালোচনা করেছেন। তারপরও আপনাদের যে আকুণ্ঠ সমর্থন এটি আমাদের অভিভূত করেছে।'

আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দলের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন