জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে: এরশাদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i67083-জাতীয়_পার্টি_প্রধান_বিরোধী_দল_হিসেবে_দায়িত্ব_পালন_করবে_এরশাদ
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। আজ (শুক্রবার) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৯ ১১:১৪ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ফটো)
    সংবাদ সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ফটো)

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। আজ (শুক্রবার) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে এরশাদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক ও দেশবাসীর উদ্দেশে তিনি জানাচ্ছেন যে, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির সংসদ বিষয়ক দলের সভাপতি হিসেবে তিনি হবেন বিরোধী দলের নেতা। পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে এরশাদ জানান, তাঁর দলের কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না। সংসদের মাননীয় স্পীকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান জাপা চেয়ারম্যান। 

এরশাদের বিবৃতি

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। আলাদাভাবে আওয়ামী লীগ ২৫৭টি, জাতীয় পার্টি ২২টি, বিএনপি ৫টি, ওয়ার্কার্স পাটি ৩টি, স্বতন্ত্র ৩টি, জাসদ ২টি, বিকল্পধারা ২টি, গণফোরাম ২টি, জেপি ১টি ও তরিকত ফেডারেশন ১টি করে আসন পেয়েছে।

নির্বাচনের পর থেকেই সংসদে দলের ভূমিকা নিয়ে জটিলতা তৈরি হয়েছে জাতীয় পার্টিতে। দলের কোনো কোনো সদস্য দশম সংসদের মতোই বিরোধী দলে থাকার পাশাপাশি দলের সংসদ সদস্যদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির পক্ষে মত দিয়েছেন। তবে কেউ কেউ বলেছেন, তারা কেবল বিরোধী দল হিসেবেই থাকতে চান।

গতকাল (বৃহস্পতিবার) শপথের পর সংসদীয় বোর্ডের সভায় বসে জাতীয় পার্টি। অসুস্থতার কারণে এরশাদ ওই বৈঠকেও উপস্থিত হতে পারেননি। আর ওই বৈঠক থেকেও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। বৈঠক শেষে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, আমরা মহাজোটে ছিলাম, আছি, থাকব। দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরও মহাজোটে থাকার পক্ষেই ইঙ্গিত দেন। যদিও পরে জানা গেছে, ওই বৈঠকে দশম সংসদে জাতীয় পার্টির তিন মন্ত্রীর তোপের মুখে পড়েন বিরোধী দলীয় নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। দশম সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রীরা এবারও সুযোগ পেলে মন্ত্রিপরিষদের থাকতে চান বলে জানান। তবে রওশন এরশাদ ও জি এম কাদের জাতীয় পার্টিকে কেবল বিরোধী দল হিসেবেই দেখতে চান বলে মত দেন। এ নিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় পার্টি। অবশেষে আজ স্পিকারকে চিঠি দিয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন এরশাদ।#


পার্সটুডে/আশরাফুর রহমান/৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন