সুবর্ণচরের ধর্ষিত সেই নারীর মাথায় হাত বুলিয়ে কাঁদলেন ফখরুল, পাশে থাকার আশ্বাস
https://parstoday.ir/bn/news/bangladesh-i67104-সুবর্ণচরের_ধর্ষিত_সেই_নারীর_মাথায়_হাত_বুলিয়ে_কাঁদলেন_ফখরুল_পাশে_থাকার_আশ্বাস
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার স্বামী-সন্তানদের বেঁধে রেখে মারধর ও গণধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা করে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ০৫, ২০১৯ ০৮:৫৮ Asia/Dhaka
  • নোয়াখালী জেনারেল হাসপাতালে  ধর্ষিতা নারীর স্বামীকে সান্ত্বনা দেন মির্জা ফখরুল
    নোয়াখালী জেনারেল হাসপাতালে ধর্ষিতা নারীর স্বামীকে সান্ত্বনা দেন মির্জা ফখরুল

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার স্বামী-সন্তানদের বেঁধে রেখে মারধর ও গণধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা করে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শনিবার) দুপুর ১টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ধর্ষিতা নারীর সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিবের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। সেখানে তারা কিছুক্ষণ ওই নারীর পাশে বসেন ও ভিকটিমের কথা শোনেন। ফখরুল ওই নারীর মাথায় হাত বুলিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, “বোন আমরা তোমার পাশে আছি। তোমার কোনো ভয় নেই। এই নির্মমতার অবশ্যই একদিন বিচার হবে। আল্লাহ বিচার করবেন।”

ধর্ষিত নারীকে সান্ত্বনা জানাতে গিয়ে কেঁদে ফেলেন মির্জা ফখরুল। তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন ওই নারীর অটোচালক স্বামীও। পরে বিএনপি মহাসচিব, আ স ম আবদুর রব, কাদের সিদ্দিকী ওই নারীকে আর্থিক অনুদান দেন।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌথুরী এ্যানি, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা রেহানা আখতার রানু, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া প্রমুখ।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশ আজ একদলীয় শাসন ব্যবস্থার কারণে অন্ধকার যুগের দিকে যাচ্ছে। আওয়ামী লীগ ও রাষ্ট্র জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করেছে। নির্বাচনের আগে ও পরে যে সহিংসতা ঘটেছে এতে জনগণের অধিকার হরণ করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব।

কুমিল্লা বিশ্বরোডে জমজম হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন মির্জা ফখরুল ইসলাম

এর আগে সকাল ১০ টায়  সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারীকে দেখতে যাওয়ার পথে কুমিল্লা বিশ্বরোডে জমজম হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং এরপরের সহিংসতার মধ্য দিয়ে গোটা বাংলাদেশে একটা সহিংস ত্রাস এবং নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। আমরা দেখেছি নোয়াখালীতে আমাদের এক বোন ধর্ষিত হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানিয়েছি, একই সঙ্গে সারাদেশের অন্য সহিংসতারও আমরা নিন্দা জানিয়েছি। জনগণের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এই সহিংসতা প্রতিরোধের।’

মির্জা ফখরুল বলেন, নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে আবার। এ কারণে আওয়ামী লীগ ও প্রশাসন গণশত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের পরেও সারাদেশে অত্যাচার ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে সরকার দলীয় লোকেরা। এই সকল নৈরাজ্য প্রতিরোধ করার জন্য আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে নির্বাচন কমিশনকে আমরা বলেছি এই সহিংসতা সম্পূর্ণভাবে বন্ধ করতে। তাদের উচিত হবে এই সহিংসতা বন্ধ করা।

ধানের শীষে ভোট দেয়ায় গত রোববার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে ওই নারীর বাড়িতে গিয়ে আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নেতৃত্বে হামলা চালানো হয়। এরপর বাড়ির পাশে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন হামলাকারীরা। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী নয় জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা রুহুল আমিনকে গ্রেফতার করে পুলিশ। ইতোমধ্যে রুহুল আমিনকে দল থেকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন